ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা নারীর অগ্রযাত্রায় প্রধান বাধা: নারীপক্ষ

পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা নারীর অগ্রযাত্রায় প্রধান বাধা: নারীপক্ষ
×

ছবি: সমকাল

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৫৮

পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, নেতিবাচক সামাজিক প্রথা ও ধর্মীয় গোঁড়ামি এখনও নারীর অগ্রযাত্রায় প্রধান বাধা বলে মন্তব্য করেছেন নারী অধিকার আন্দোলনের নেত্রীরা। ময়মনসিংহ বিভাগীয় নারী সম্মেলন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান নারীপক্ষের নেত্রীরা।

নারী মুক্তির আন্দোলনকে বিস্তৃত করা, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং তৃণমূলের নারীদের সংগঠিত করার লক্ষ্যে গত ১০ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ময়মনসিংহে তিন দিনব্যাপী এই বিভাগীয় সম্মেলন হয়। এতে বৃহত্তর ময়মনসিংহের ছয়টি জেলার তৃণমূল নারী সংগঠন, জনপ্রতিনিধি, তরুণ প্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নারী নেত্রীসহ ১১০ জন অংশ নেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, নারীপক্ষের সভানেত্রী কে এ জাহান রুমি এবং মানবাধিকারকর্মী রাজিয়া সামাদ ডালিয়াসহ অন্য নেত্রীরা।

বক্তারা বলেন, সামাজিক কুসংস্কার ও পুরুষতান্ত্রিক কাঠামোর কারণে নারীরা আজও তাদের কাঙ্ক্ষিত অধিকার থেকে বঞ্চিত। এই বৈষম্য দূর করতে হলে শুধু আইন নয়, বরং পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনতে হবে।

সম্মেলনের মূল উদ্দেশ্য সম্পর্কে জানানো হয়, নারী আন্দোলনের স্বতন্ত্র ধারা বিনির্মাণ এবং চলমান আন্দোলনকে শক্তিশালী করতেই এ আয়োজন। এতে প্যানেল আলোচনা ও মুক্ত আলোচনার মাধ্যমে কাঠামোগত পরিবর্তন, আন্তঃপ্রজন্ম নেতৃত্বের বিকাশ, সহিংসতামুক্ত জীবন নিশ্চিতকরণ এবং নারীর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিষয়গুলো উঠে আসে।

সম্মেলন থেকে নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় ও জেলা পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, নারী নির্যাতন, যৌন হয়রানি প্রতিরোধ কমিটিসমূহকে পুনরুজ্জীবিত করা এবং তরুণদের সামাজিক মাধ্যমে সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

এ ছাড়া ‘জীবনের অধিকার’ শীর্ষক শেষ অধিবেশনে মৌলিক ও মানবাধিকারের মূলনীতি নিয়ে আলোচনার পাশাপাশি মৃত্যুদণ্ড বিলোপের দাবি জানানো হয়। সম্মেলনে নারীবিষয়ক সংস্কার কমিশনের ৪৩৩টি সুপারিশের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে স্থানীয় পর্যায়ে বাস্তবায়নযোগ্য বিষয়গুলো চিহ্নিত করা হয় এবং ময়মনসিংহে নারী মুক্তির আন্দোলনকে সমন্বিতভাবে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরও পড়ুন

×