সরকারের ইঙ্গিতে আ’লীগের মিছিল: গোলাম পরওয়ার
গোলাম পরওয়ার। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ | ২৩:০৮
সরকারের ইঙ্গিতেই কার্যক্রম আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন সারাদেশে বিক্ষোভ মিছিল করেছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি প্রশ্ন রেখে বলেছেন, ‘সরকারের প্রশ্রয়–আশ্রয় না থাকলে মিছিল করা সম্ভব? কেউ কি বিশ্বাস করবে যে সরকারের কোনো ইঙ্গিত এখানে নেই। নিশ্চয়ই আছে।’
আজ শনিবার বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় সিরাত সেমিনারে জামায়াত সেক্রেটারি জেনারেল এসব কথা বলেন। ‘রাসুলুল্লাহ (সা.)–এর শ্রমনীতি: শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আদর্শ’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।
গতকাল শুক্রবার রাজধানীসহ বিভিন্ন জেলায় মিছিল করে জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। গুলশানে মিছিলের ঘটনায় গ্রেপ্তার ২৪ জনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। কিন্তু গুলশানের মত এলাকায় কীভাবে মিছিল হল প্রশ্ন তুলে গোলাম পরওয়ার বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, গোয়েন্দা সংস্থা রয়েছে, পুলিশ আছে, তাদের সামনে প্রতিটি জেলায় তারা মিছিল করতে পারল!
জামায়াতকে সামাল দিতে বিএনপি সরকারের একাংশ রিফাইন্ড আওয়ামী লীগের নামে দলটির কিছু নেতাকে রাজনীতিতে পুনর্বাসনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন বলে অভিযোগ করেন গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘এই সর্বনাশা পথ থেকে সরকারকে ফিরে আসতে হবে।’
গোলাম পরওয়ার বলেন, ‘যাদেরকে জনগণ রক্ত দিয়ে বিতাড়িত করেছে, সেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত, পলাতক আসামি খুনি হাসিনাকে দিল্লিতে আশ্রয় দিয়েছে, আর তাদের সঙ্গে গোপনে যদি এই সরকারের কোনো একটা অংশের সম্পর্ক না থাকবে, তাহলে কী করে মিছিল করতে পারল?’
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘যাঁরা রাষ্ট্র পরিচালনার সঙ্গে আছেন, মুখে মুখে বলছেন আমরা আওয়ামীবিরোধী, ফ্যাসিবাদবিরোধী, ধরে আনব, বিচার করব। বিচার কোর্ট করছে, আর আপনারা বড় বড় আসামিদেরকে জামিন দিচ্ছেন, মিছিল করছে যারা, তাদের ধরতে পারছেন না। দিল্লির সঙ্গে গোপনে সরকারের ভেতরে কোনো অংশের যে সম্পর্ক নেই—আপনাদেরকে তা প্রমাণ করতে হবে।’
শেখ হাসিনার উদ্দেশে গোলাম পরওয়ার বলেছেন, ‘উনি নাকি ডিসেম্বরে বাংলাদেশে প্রবেশ করবেন। আসুন, দেশবাসী প্রস্তুত হয়ে আছে। পলাতক আসামি হিসেবে যে সাজা হয়েছে, দেশে এসে সেই সাজাই কিন্তু ভোগ করতে হবে।’
শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বক্তৃতা করেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ এমপি, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম, সংসদীয় দলের মুখপাত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, রাশেদুল ইসলাম এমপি প্রমুখ।
- বিষয় :
- আওয়ামী লীগ
- বিএনপি
- জামায়াতে ইসলামী
- মিছিল