ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

এ বছরই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল, কিন্তু ডেঙ্গুতে প্রাণ গেল রাফসানের

এ বছরই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল, কিন্তু ডেঙ্গুতে প্রাণ গেল রাফসানের
×

রাফসান

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:৫৫ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:৫৫

এ বছরই বিয়ের পিঁড়িতে বসার স্বপ্ন ছিল ২৬ বছর বয়সী রাফসানের। পরিবারের হাল ধরতে সিএনএফে কাজ শুরু করেছিলেন। পরে যোগ দেন একটি গার্মেন্টসে। সংসারও চলছিল ভালোই। তবে নতুন জীবন শুরুর সেই স্বপ্ন আর পূরণ হলো না। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আট দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে মারা গেছেন তিনি।

রাফসানের চাচা সাংবাদিক সাইদুল হক জানান, বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন রাফসান। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সে মারা গেছে।

নিহতের পরিবার ও স্বজনরা জানান, এ বছরই রাফসানের বিয়ের কথা ছিল। এরই মধ্যে কয়েক জায়গায় পাত্রীও দেখা হয়েছিল। মৃত্যুতে তার পরিবারে এখন বিয়ের আনন্দের বদলে নেমে এসেছে শোক। মঙ্গলবার বিকেলে লাশবাহী অ্যাম্বুলেন্স বাড়িতে পৌঁছালে স্বজন ও প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।

এদিকে সীতাকুণ্ডে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, জুলাইয়ে ডেঙ্গু আক্রান্ত রোগী ছিলেন ৩৩ জন। আগস্টে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬১ জনে। চলতি মাসের ১৪ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে ৩২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন বলেন, জুনের পর থেকে হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। সরকারি ব্যবস্থাপনায় ডেঙ্গুর এনএস-১ পরীক্ষা বিনামূল্যে করা হচ্ছে। তবে আইসিডি পরীক্ষার জন্য রোগীকে ১০০ টাকা দিতে হয়। সীতাকুণ্ডে আক্রান্ত হয়ে যেসব রোগীর শারীরিক অবস্থার অবনতি হয়, তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও বলেন, চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীদের পরিসংখ্যান সিভিল সার্জন কার্যালয়ে সংরক্ষণ করা হয়।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর চট্টগ্রামের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু নথিভুক্ত হয়েছে।

আরও পড়ুন

×