মিরপুর বিআরটিএতে মোবাইল কোর্ট, ৫ জনের কারাদণ্ড
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:৫২
সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ ও দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মিরপুর ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার পরিচালিত এ অভিযানে নয়জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে পাঁচজনকে ৩০ দিন করে কারাদণ্ড এবং চারজনকে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে আদালত-৩-এর অধীনে এ অভিযান পরিচালিত হয়।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মো. আশিক, মো. সাইম, মো. আ. রহিম (২৫), মো. জাকির হোসেন ও মো. আ. রহিম (৪১)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, একটি প্রতারক চক্র বিআরটিএ কার্যালয়ে আসা সেবাগ্রহীতাদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁদের কাগজপত্র ও টাকা-পয়সা নিয়ে পালিয়ে যেত। এ ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে সেবাগ্রহীতাদের ভোগান্তি দূর করতে এবং বিআরটিএ কার্যালয়কে দালালমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, দালালবিরোধী এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
- বিষয় :
- কারাদণ্ড