ভারতীয় ইলিশ ‘দেশি’ বলে বিক্রির অভিযোগে আড়তদারকে জরিমানা
সংগৃহীত ছবি
যশোর প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:২৪ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:২৯
যশোর বড় বাজারে ভারতীয় ইলিশকে দেশীয় ইলিশ বলে বিক্রি করার অভিযোগে এক আড়তদারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার দুপুরে বড়বাজারের মাছবাজারে অভিযান চালিয়ে ‘কর্ণফুলী ফিশ’ নামের ওই আড়তকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ভারতীয় ইলিশের নির্ধারিত মূল্য ও ক্রয়-বিক্রয়ের কাগজপত্র দেখাতে পারেননি ওই আড়তদার। এ সময় মাছবাজারের বিভিন্ন খুচরা ও পাইকারি দোকান তদারকি করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে নির্ধারিত মূল্যে ভারতীয় ইলিশ বিক্রি এবং আমদানিসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় সদর উপজেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, দেশের বাজারের ঘাটতি মেটাতে ভারত থেকেই ইলিশ আসছে ‘ইলিশের দেশে’। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি হয়েছে। এর মধ্যে আগস্টেই এসেছে ৩ লাখ ২৩ হাজার ৩৪৬ কেজি। জুলাইয়ে এসেছিল ২৯ হাজার ৪৪০ কেজি। আমদানি করা এসব ইলিশের ঘোষিত মূল্য প্রায় ৬ কোটি ৯৩ লাখ টাকা।
ভারতের আনন্দবাজার পত্রিকা ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই মাসে ভারত থেকে প্রায় ৫০০ টন ইলিশ বাংলাদেশে রপ্তানি হয়েছে। হাওড়া পাইকারি ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বাংলাদেশে এবার ইলিশের ঘাটতি থাকায় প্রথমবারের মতো হাওড়া বাজার থেকেও ইলিশ রপ্তানি হয়েছে। সাধারণত হাওড়া থেকে বাংলাদেশে রুই, পারসে, ট্যাংরাসহ বিভিন্ন মাছ যায়।