রাতে ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ, দুপুরে মিলল ঝুলন্ত মরদেহ
কফিল উদ্দিন
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:১০
জামালপুর সদর উপজেলায় শ্রমিক দলের এক সাবেক নেতা গত সোমবার রাতে ফেসবুক লাইভে এসে নিজ সংগঠনের লোকজনের মারধরের শিকার হওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন। পর দিন মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার নাম কফিল উদ্দিন (কফিল মিয়া)। বাড়ি উপজেলার দিগপাইত ইউনিয়নের গান্দাইল গ্রামে। তিনি ২ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
ফেসবুক লাইভে কফিল আরও বলেছিলেন, ‘বাংলাদেশে বর্তমানে গরিব মানুষের কল্যাণের রাজনীতির পরিবর্তে মানুষের পকেট ভরার রাজনীতি চলছে। যারা আগে ভাত খেতে পারত না, তারা এখন মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়ায়। রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত গরিব মানুষের ভালোভাবে খাওয়া, থাকা ও সুন্দরভাবে চলার ব্যবস্থা করা। রাজনীতিতে রেষারেষি ও মানুষের পকেট ফাঁকা করার কর্মকাণ্ডকে প্রকৃত রাজনীতি বলা যায় না।’ কিছু ব্যক্তি বড় বড় পদ পাওয়ার পর ক্ষমতার অপব্যবহার করছেন। এদের কর্মকাণ্ডে বিএনপির বদনাম হচ্ছে বলেও মন্তব্য করেন কফিল।
নিজেকে দলের দীর্ঘদিনের কর্মী দাবি করে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে কফিল বলেন, ‘বড় বড় এমপি-মন্ত্রী আপনার ক্ষতি করছেন না। ক্ষতি করছেন এমন কিছু ব্যক্তি, যারা নেতা হয়ে গেছেন। যারা একটি নামও লিখতে পারেন না, তারাও এখন বড় নেতা।’
দিগপাইত ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, কফিলের বিরুদ্ধে মাদক সেবনসহ বিভিন্ন অভিযোগ ছিল। তাকে বেশ কিছুদিন আগে কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, ঘটনাটি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। কফিল ও তাঁর স্বজনদের অভিযোগ, তাঁকে মারধর করা হয়। অপর পক্ষের অভিযোগ, কফিল নেশাগ্রস্ত ছিলেন। তবে সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং প্রকৃত অপরাধীদের শাস্তি দেওয়া দরকার।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, মরদেহটি উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
- বিষয় :
- জামালপুর
- মরদেহ উদ্ধার