ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
×

 ধামরাই (ঢাকা) ও সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:২৮

| প্রিন্ট সংস্করণ

ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ধামরাই উপজেলার পশ্চিম নান্দেশ্বরী বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– অটোরিকশাচালক জুয়েল হোসেন, যাত্রী জাকারিয়া ও আঁখি আক্তার। আহতরা হলেন– লাকী আক্তার, আবুল হোসেন ও সেলিম হোসেন। তারা সবাই টাঙ্গাইলের বাসিন্দা। সিএনজিচালিত অটোরিকশায় করে তারা বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধামরাইয়ের পশ্চিম নান্দেশ্বরী বটতলা এলাকায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে চালক জুয়েল নিহত হন। 
গুরুতর আহতদের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আঁখি আক্তার ও ১৩ বছর বয়সী জাকারিয়াকে মৃত ঘোষণা করেন 
কর্তব্যরত চিকিৎসক।
ধামরাইয়ের কাওয়ালিপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইলিয়াস হোসেন বলেন, তিনজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। পিকআপটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছেন। মামলার প্রস্তুতি চলছে।

নিহত আখিঁ আক্তারের বাবা আহত আবুল হোসেন বলেন, অটোতে মোট সাতজন ছিলাম। দুর্ঘটনায় তিনজন মারা গেছে, তিনজন আহত হয়েছে। আর ছয় বছরের শিশু সাদিয়া আক্তারও প্রাণে বেঁচে গেছে।
সাটুরিয়া থানার ওসি মো. মোশাররফ হোসেন বলেন, ঘটনাস্থল ধামরাই হলেও পার্শ্ববর্তী হওয়ায় সাটুরিয়ার পুলিশ খবর পেয়েই স্থানীয়দের সহযোগিতায় আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
মোটরসাইকেল আরোহী নিহত
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হিজলতলী এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত শামীম আল রাফী (১৯) টাঙ্গাইলের সদর উপজেলার থানাপাড়া এলাকার আব্দুল সালামের ছেলে। তিনি গাজীপুর থেকে টাঙ্গাইলের দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, নিহত শামীম গাজীপুরের চন্দ্রা থেকে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল নিজ বাড়ির দিকে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হিজলতলী পাম্পের সামনে পৌঁছালে পেছন থেকে একটি বাস তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ওই তরুণ নিহত হন।
নাওজোর হাইওয়ে পুলিশের ওসি জাফর আলী খান বলেন, নিহত তরুণের মরদেহ থানা হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

×