বিএনপি নেতার বিরুদ্ধে মৎস্যজীবীদের ই-অভিযোগ
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৪৪
| প্রিন্ট সংস্করণ
ইজারাকৃত ঘাসি নদীর দ্বিতীয় খণ্ড দখলচেষ্টার অভিযোগ উঠেছে মধ্যনগর উপজেলার এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ বিষয়ে ইমেইলের মাধ্যমে অভিযোগ জানানো হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর।
সংশ্লিষ্ট ইজারাদার হামিদপুর বন্ধন মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম নিজে গতকাল শুক্রবার উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেনোয়ার হোসেনের বিরুদ্ধে ইউএনওর কাছে এই অভিযোগ জানান। এ সময় মৎস্যসম্পদ ও আর্থিক স্বার্থ রক্ষা এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে মধ্যনগর ইউএনওর ইমেইলে এই অভিযোগ পাঠানো হয়।
অভিযোগে বলা হয়, হামিদপুর বন্ধন মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড বাংলা ১৪৩১ থেকে ১৪৩৩ সাল পর্যন্ত তিন বছরের জন্য সরকারি বিধিবিধান মেনে ঘাসি নদী দ্বিতীয় খণ্ড ইজারা নেয়। ইজারার বিপরীতে নির্ধারিত সরকারি রাজস্বও নিয়মিত পরিশোধ করে আসছে সমিতি।
তবে বেশ কিছুদিন ধরে স্থানীয় বিএনপি নেতা সেনোয়ার হোসেন ইজারাকৃত নদীর একটি অংশ দখলের চেষ্টা চালিয়ে আসছেন। গত ১৫ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে সেনোয়ার হোসেন তাঁর নিজ গ্রাম মির্জাপুরের ৫০ থেকে ৬০ জন লোক নিয়ে ইজারাকৃত নদীর নির্দিষ্ট অংশে প্রবেশ করেন। সেখানে নেট জাল ও চায়না দুয়ারি জাল ব্যবহার করে মাছ ধরে নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
তাজুল ইসলামের দাবি, এ ঘটনায় ইজারাকৃত জলাশয়ে সমিতির চাষ করা মাছসহ অন্যান্য মৎস্য সম্পদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে সমিতির আর্থিক ক্ষতির আশঙ্কাও রয়েছে। প্রাথমিকভাবে সম্ভাব্য ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকা হতে পারে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগের বিষয়ে বিএনপি নেতা মো. সেনোয়ার হোসেন বলেন, এ অংশটি ইজারাবহির্ভূত। এই অংশ স্থানীয় মির্জাপুর জামে মসজিদের ভোগ-দখলে থাকে। তিনি মসজিদের পক্ষে কথা বলায় তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে।
- বিষয় :
- বিএনপি