কলেজছাত্রীকে অপহরণ, ছাত্রদল নেতা বহিষ্কার
মো. রিজভী
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৫৪
গাজীপুরের শ্রীপুর উপজেলার এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রিজভীর বিরুদ্ধে। এ ঘটনায় রিজভী, তার বাবা মনির হোসেন ও মা নিলুফা আক্তারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীর পরিবার।
এদিকে, অপহরণের অভিযোগ ওঠার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মো. রিজভীকে পদ থেকে বহিষ্কার করেছে গাজীপুর জেলা ছাত্রদল। অভিযুক্ত রিজভী শ্রীপুরের মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামের মনির হোসেনের ছেলে।
থানায় দেওয়া লিখিত অভিযোগে কলেজছাত্রীর পরিবার জানায়, কলেজে যাওয়া-আসার পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন রিজভী। বিষয়টি পরিবারকে জানানোর পর তারা রিজভীকে সতর্ক করেন। এরপরও উত্ত্যক্ত করা বন্ধ হয়নি। পরে রিজভীর মা-বাবাকেও বিষয়টি জানানো হয়। অভিযোগ, তারা ছেলেকে শাসন না করে ওই ছাত্রীর পরিবারের কাছে বিয়ের প্রস্তাব পাঠান। তবে পরিবারটি প্রস্তাব প্রত্যাখ্যান করে।
অভিযোগে আরও বলা হয়, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ক্ষুব্ধ হন রিজভী। সোমবার সকালে বাসার সামনে একটি দোকানে কেনাকাটা করতে যান ওই ছাত্রী। সেখানে আগে থেকেই কয়েকজন সহযোগী নিয়ে অবস্থান করছিলেন রিজভী। ছাত্রী দোকানের সামনে যাওয়ামাত্র তাকে টেনে-হিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ পরিবারের।
ঘটনার পরই সাংগঠনিক ব্যবস্থা নেয় জেলা ছাত্রদল। এদিনই গাজীপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সরকার মো. রাকিব হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে রিজভীকে পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মো. রিজভীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
গাজীপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ হোসেন বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ ওঠায় রিজভীকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে।
এদিকে কলেজছাত্রীকে উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, অভিযোগ পাওয়ার পর কলেজছাত্রীর স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী সম্ভাব্য কয়েকটি বাড়িতে অভিযান চালানো হয়েছে। তবে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
- বিষয় :
- গাজীপুর
- ছাত্রদল নেতা
- বহিষ্কার