ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

সোনাগাজীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫১

সোনাগাজীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫১
×

ফাইল ছবি

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ২১:২৭

ফেনীর সোনাগাজীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫১ জনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পৌর শহর ও উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের বয়স ১৫ থেকে ২০ বছরের মধ্যে।

স্থানীয়রা জানান, পৌর শহরের কলেজ রোড, জিরো পয়েন্ট, হাই স্কুলগেট, গো-বাজার, হাওয়াই রোড, মুহুরী রোড, হাসপাতাল স্ট্যান্ডসহ উপজেলার বিভিন্ন এলাকায় একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় বিভিন্ন নামে কিশোর গ্যাংয়ের সদস্যরা বেপরোয়া হয়ে উঠেছে। সম্প্রতি উপজেলার সোনাপুর, সাহাপুর, বক্তারমুন্সি বাজারসহ কয়েকটি এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এসব ঘটনায় থানায় চার-পাঁচটি মামলা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম সমকালকে বলেন, গতকাল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কিশোর গ্যাং দমনে পৌরশহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় ও সড়কে সাড়াশি অভিযান চালানো হয়। অভিযানে একাধিক স্থান থেকে আটক ৫১ জনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাচাই-বাচাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আটক কিশোরদের জিজ্ঞাসাবাদের সময় সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা থাকার কথা রয়েছে। তবে সোনাগাজী থানায় জিজ্ঞাসাবাদের সময় সমাজসেবা অধিদপ্তরের কোনো কর্মকর্তাকে দেখা যায়নি। 

এ বিষয়ে জানতে চাইলে ওসি আবুল হাসিম বলেন, ‘আমরা আপাতত অভিভাবকদের ডেকে আটক কিশোরদের জিজ্ঞাসাবাদ করছি। পরে প্রয়োজন মনে হলে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাকে ডাকব।’

আরও পড়ুন

×