লক্ষ্মীপুরে যুক্তি-তর্কের লড়াইয়ে চ্যাম্পিয়ন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
ছবি- সমকাল
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৪০
‘তর্কে বিতর্কে বিজ্ঞানের সাথে’ স্লোগানে লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হয়েছে ১২তম বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব–২০২৬। এতে চ্যাম্পিয়ন হয়েছে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। রানারআপ হয়েছে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল। আর শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের নবম শ্রেণির শিক্ষার্থী নূরে জান্নাত তানহা।
বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও দৈনিক সমকালের উদ্যোগে বুধবার দিনব্যাপী লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতন ক্যাম্পাসের হলরুমে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় জেলার সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিকরা অংশ নেয়। লটারির মাধ্যমে তাদের চারটি গ্রুপে ভাগ করে বিভিন্ন পর্বে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্বে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষার্থীদের সৃজনশীলতার জন্য হুমকি নয়, বরং নতুন সম্ভাবনার দ্বার’ বিষয়ে প্রাণবন্ত বিতর্ক অনুষ্ঠিত হয়। বিভিন্ন পর্বের যুক্তিতর্ক শেষে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
প্রতিযোগিতায় অংশ নেয় লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়, পৌর শহীদ স্মৃতি একাডেমি, লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল, লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতন, লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয় এবং প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ।
এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, লক্ষ্মীপুরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন।
প্রধান সমন্বয়ক ও সমকাল প্রতিনিধি আতোয়ার রহমান মনিরের সার্বিক সমন্বয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি লক্ষ্মীপুর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন কবিরসহ সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
বিচারকের দায়িত্ব পালন করেন লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের সম্পাদক ও বাংলা আওয়াজের সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন, পূবালী ব্যাংক পিএলসির জুনিয়র অফিসার ফয়সাল ইসলাম তাহসান, শাখাওয়াত হোসেন, শিক্ষক সেলিম মুন্সি ও মো. ইসমাইল হোসেন সুজনসহ সংশ্লিষ্টরা।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন, রানারআপ ও শ্রেষ্ঠ বক্তার হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সমকাল সুহৃদ সমাবেশ লক্ষ্মীপুর জেলা কমিটির সভাপতি ও লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম তপন, সাধারণ সম্পাদক এ কে এম মাহবুবুর রশিদ চৌধুরী, এমরান হোসেন, শাকিল নাফিসসহ সুহৃদ সমাবেশের সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিজ্ঞানমনস্কতা ও সৃজনশীল চিন্তার বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
- বিষয় :
- বিতর্ক উৎসব
- সমকাল