নোয়াখালীতে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দিবা শাখা
ছবি- সমকাল
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৫৪
‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ স্লোগানে নোয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব–২০২৬। এতে চ্যাম্পিয়ন হয়েছে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দিবা শাখা। রানার্সআপ হয়েছে একই বিদ্যালয়ের প্রভাতী শাখা। আর শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের যাহরা বিনতে রহমান মাহনুর।
বুধবার দিনব্যাপী নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বেগম রোকেয়া মিলনায়তনে এ বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলা প্রতিযোগিতায় জেলার ১৬টি বিদ্যালয়ের বিতার্কিকরা অংশ নেয়।
প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো হলো নোয়াখালী জিলা স্কুল, নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রভাতী ও দিবা শাখা, আহম্মদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, এম এ রশিদ বালিকা উচ্চ বিদ্যালয়, পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয়, মাইজদী গার্লস একাডেমি, হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, অরুণ চন্দ্র উচ্চ বিদ্যালয়, নোয়াখালী উচ্চ বিদ্যালয়, মাইজদী সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়, বেগমগঞ্জ সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়, বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, গণিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিশ কেজি স্কুল অ্যান্ড কলেজ এবং জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জিনাত রেহানা। সমকাল জেলা প্রতিনিধি আনোয়ারুল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোমায়রা ইসলাম, নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী রফিক উল্যাহ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ, নোয়াখালী সিটি কলেজের অধ্যক্ষ আবুল বাসার এবং নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম।
বিচারকের দায়িত্ব পালন করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির যুগ্ম সম্পাদক তাওসিফ এনান, যুগ্ম সম্পাদক (ইংরেজি) সায়েদ বিন হায়দার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, রায়হান কবির, নুসরাত জাহান শান্তা, তৌফিকা শাহরিন, আকরাম হোসেন, রাহাতুল ইসলাম রাফি ও কাজী মো. নওরিন।
সমকাল সুহৃদ সমাবেশ নোবিপ্রবি শাখার সভাপতি মো. নিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক নুর নবী সিয়ামসহ সংগঠনের সদস্য ও জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা সার্বিক তত্ত্বাবধানে ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের মনিরুজ্জামান এবং বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী নুরে জান্নাত তাশিন।
সন্ধ্যায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা হুমায়ন রশিদ, অধ্যক্ষ আবুল বাসার, নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম ও সহকারী প্রধান শিক্ষক আবদুল মান্নান।
আলোচনা সভা শেষে কৃতী বিতার্কিকদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা।
- বিষয় :
- বিতর্ক উৎসব
- সমকাল