ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

অস্ত্রের মুখে শিক্ষিকাকে জিম্মি করে স্বর্ণালংকার-টাকা ছিনতাই

অস্ত্রের মুখে শিক্ষিকাকে জিম্মি করে স্বর্ণালংকার-টাকা ছিনতাই
×
×

ছবি: সিসি ক্যামেরার ফুটেজ থেকে নেওয়া

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬ | ১৮:০৮

বরিশালের বাবুগঞ্জে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রীবেশে থাকা ছিনতাইকারীদের কবলে পড়েছেন এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। অস্ত্রের মুখে জিম্মি করে হাত-মুখ ওড়না দিয়ে বেঁধে তার স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পরে তাকে বরিশাল-ঢাকা মহাসড়কের শিকারপুর সেতুর ঢালে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সকালে বাবুগঞ্জ উপজেলার বরিশাল-ঢাকা মহাসড়কের রাকুদিয়া নতুন হাট এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মিতু আক্তার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের ৩০ নম্বর মধ্য রাকুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি রাকুদিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা শাহ আলম হাওলাদারের মেয়ে।

মিতু আক্তার জানান, বৃহস্পতিবার সকালে পিটিআই প্রশিক্ষণ ইনস্টিটিউটে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন তিনি। সকাল আটটার দিকে রাকুদিয়া নতুন হাট স্টেশন থেকে বরিশালগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন তিনি। অটোরিকশাটিতে আগে থেকেই কয়েকজন যাত্রী ছিলেন। কিছু দূর যাওয়ার পর অটোরিকশায় থাকা ওই ব্যক্তিরা অস্ত্র দেখিয়ে মিতুকে জিম্মি করেন। একপর্যায়ে তার হাত ও মুখ ওড়না দিয়ে বেঁধে ফেলেন তারা। এরপর গলায় থাকা সোনার চেইন, হাতের আংটি ও হ্যান্ডব্যাগে থাকা নগদ টাকা নিয়ে নেন।

পরে অটোরিকশাটি ঘুরিয়ে শিকারপুর মেজর এম এ জলিল সেতুর ঢালে মাদ্রাসার কাছে তাকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যান তারা।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সময়ের ইচলাদী টোল প্লাজার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ দেখে একটি সন্দেহজনক সিএনজিচালিত অটোরিকশার সন্ধান পাওয়া গেছে। ওই অটোরিকশার সূত্র ধরে ছিনতাইকারী চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×