যুবদল নেতার নেতৃত্বে ব্যবসায়ীর টাকা লুট
ফাইল ছবি
সোনাগাজী (ফেনী) সংবাদদাতা
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬ | ২১:০৬
ফেনীর সোনাগাজীতে এক ব্যবসায়ীর গতিরোধ করে পিটিয়ে চার লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় এলাকাবাসী ঘটনাস্থল থেকে এক ছিনতাইকারীকে ধরে পুলিশে দিয়েছেন। ভুক্তভোগীর অভিযোগ, ছিনতাইয়ের নেতৃত্ব দিয়েছেন ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক শাহীন। এ বিষয়ে তিনি আজ শনিবার সন্ধ্যায় তিনজনের নাম উল্লেখ করে সোনাগাজী থানায় মামলা করেছেন।
ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী খুরশিদ আলমের বাড়ি ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের সুন্দরপুরে। মুহুরী প্রকল্প এলাকায় তাঁর মাছের খামার রয়েছে। এ ছাড়া নিজ মালিকানাধীন পিকআপ ভাড়া দেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গত শুক্রবার সকালে খুরশিদ আলম মুহুরী প্রকল্প এলাকায় খামারের মাছ বিক্রির টাকা ও ভাড়ায় চালিত পিকআপ চালকের কাছ থেকে টাকা নিতে আসেন। দুপুরের দিকে চার লাখ ১০ হাজার টাকা নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় ফেনী রওনা হন। পথে সোনাগাজী উপজেলার সোনাপুর এলাকায় পৌঁছলে মোটরসাইকেলে আসা যুবদল নেতা এনামুল হক শাহীন, তাঁর সহযোগী নুরুল আফসার ও মো. মাসুদ মিলে তাঁর অটোরিকশার গতিরোধ করেন। পরে খুরশিদ আলমকে নামিয়ে মারধর করে চার লাখ ১০ হাজার টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেন তারা। এ সময় ব্যাগ নিয়ে এনামুল হক ও নুরুল আফসার মোটরসাইকেলে করে পালিয়ে যান। ভুক্তভোগীর চিৎকারে লোকজন এসে মো. মাসুদকে ধাওয়া দিয়ে আটক করেন। পরে তাঁকে পুলিশে দেওয়া হয়।
ছিনতাইয়ের ঘটনা পূর্বপরিকল্পিত উল্লেখ করে খুরশিদ আলম সমকালকে বলেন, এ ঘটনায় তিনি গত শুক্রবার সন্ধ্যায় থানায় মামলা করতে যাচ্ছিলেন। এ সময় উপজেলা বিএনপির এক নেতা বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে তাঁকে থানায় যেতে বাধা দেন। পরে তিনি শনিবার সন্ধ্যায় মামলা করেছেন।
বক্তব্যের জন্য যুবদল নেতা এনামুল হক শাহীনের মোবাইল ফোনে কয়েকবার কল দিয়েও সংযোগ মেলেনি।
সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে শনিবার আদালতের মাধ্যমে ফেনীর কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
- বিষয় :
- ফেনী
- যুবদল নেতা
- লুটপাট