বিএফএফ-সমকাল বিজ্ঞান বিতর্কে বরিশাল জিলা স্কুল চ্যাম্পিয়ন
ছবি-সংগৃহীত
বরিশাল ব্যুরো
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ২০:৩৮
বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের বরিশাল জেলা পর্বে চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল জিলা স্কুল। রানারআপ হয়েছে সরকারি কাউনিয়া মাধ্যমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের নাফিজ নিলয়।
‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ স্লোগানে মঙ্গলবার নগরীর আছমত আলী খান ইনস্টিটিউশনে দিনব্যাপী এ বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও দৈনিক সমকালের যৌথ আয়োজনে এবং শাহজালাল ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আয়োজিত প্রতিযোগিতায় জেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠা অংশ নেওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় অংশ নিতে পারেনি। অংশ নেয় সাতটি বিদ্যালয়। এগুলো হলো বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়, উদয়ন মাধ্যমিক বিদ্যালয়, আছমত আলী খান ইনস্টিটিউশন, বরিশাল জিলা স্কুল, সরকারি কাউনিয়া মাধ্যমিক বিদ্যালয়, বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা হাইস্কুল অ্যান্ড কলেজ এবং শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয়।
আজ বেলা আড়াইটায় সমাপনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সরকারি ব্রজমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কাজী জাবের আহমেদ।
এর আগে সকালে উৎসবের উদ্বোধন করেন আছমত আলী খান ইনস্টিটিউশনের পরিচালনা পর্ষদের সভাপতি ও বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক কাজী জাবের আহমেদ বিজ্ঞান নিয়ে বিতর্ক আয়োজনের জন্য সমকালের উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, বিজ্ঞান আমাদের ভীতির কারণ হতে পারে না। তরুণ প্রজন্ম বিজ্ঞানকে জয় করবে। বিজ্ঞানকে ভালো ও মন্দ দুইভাবেই ব্যবহার করা যায়। যারা ভালো কাজে ব্যবহার করছেন, তারা উন্নতির চরম শিখরে পৌঁছেছেন। আমরাও সেই দলে থাকতে চাই।
তিনি আরও বলেন, বিজ্ঞানের কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের অনেক সৃজনশীলতাকে হুমকির মুখে ফেলেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয় সুহৃদ সমাবেশের সভাপতি নুর ইসলাম নিয়ন। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সুহৃদ সমাবেশের উপদেষ্টা ও মুলাদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক হাফিজ আহমেদ। বরিশাল ব্রজমোহন কলেজ ডিবেটিং ক্লাবের সদস্যরা বিতর্কের বিচারকের দায়িত্ব পালন করেন।
- বিষয় :
- বিতর্কিত