দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬ | ০৮:৩৬
| প্রিন্ট সংস্করণ
গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার কেডিসিপাড়ায় (শান্তিপাড়া) আম ও মাদক ব্যবসায়ীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে হামলার মুখে পড়েন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান। এ সময় ইটপাটকেলের আঘাতে তাঁর সরকারি গাড়িটির গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষে উভয়পক্ষের পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার রাত ৯টার দিকে রহনপুর রেলওয়ে স্টেশনসংলগ্ন কেডিসিপাড়ায় এ সংঘাতের সূত্রপাত ঘটে। আহতদের মধ্যে কামরুল, শাম মোহাম্মদ, মাইনুল, ফারুক ও রিফাত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
রহনপুর রেলস্টেশন বাজার আম আড়তদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক নাসিরউদ্দীন জানান, কেডিসিপাড়াকে মাদক ও অসামাজিক কার্যকলাপমুক্ত করার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ব্যবসায়ীরা অবস্থান নিলে স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ীরা তাদের ওপর চড়াও হয়। ব্যবসায়ীদের অভিযোগ, স্থানীয় প্রভাব বিস্তারকারী যুবদল নেতা আব্দুল্লাহর অনুসারীরা এ সশস্ত্র হামলায় নেতৃত্ব দেয়।
তবে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কেবল মাদক ইস্যু নয়–রেলস্টেশন এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ নিয়ে আম আড়তদার সমিতির সঙ্গে স্থানীয় বাসিন্দাদেরও দ্বন্দ্বে দিনভর উত্তেজনা বিরাজ করছিল। রাতে তা প্রকাশ্য সংঘর্ষে রূপ নেয়। এ সময় একাধিক মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটে।
ইউএনও জিল্লুর রহমান বলেন, ‘মাদক ব্যবসায়ীদের হামলায় আহত এক ব্যবসায়ীকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা দিই। এ সময় অন্ধকার থেকে কয়েকজন ইটপাটকেল নিক্ষেপ করলে আমার গাড়ির গ্লাস ভেঙে যায়। ঘটনায় জড়িতদের শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযোগ প্রসঙ্গে যুবদল নেতা আব্দুল্লাহ বলেন, ‘আমি স্টেশনের শান্তিপাড়া এলাকায় কোনো অসামাজিক বা মাদক ব্যবসার সঙ্গে যুক্ত নই। আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। তবে অতীতে রাজনৈতিক কারণে থানায় একটি জিডি হয়েছিল।’
- বিষয় :
- আহত