গভীর রাতে গোবিপ্রবিতে ককটেল বিস্ফোরণ
ছবি: সমকাল
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬ | ১১:৪০
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) গভীর রাতে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে ও ভেতরে ককটেল দুটি বিস্ফোরিত হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়কে আসে। পরে সেখান থেকে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে তারা পালিয়ে যায়। একটি ককটেল ফটকের বাইরের একটি গাছে আঘাত লেগে বিস্ফোরিত হয়। অপরটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে গিয়ে বিস্ফোরিত হয়।
ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ বলেন, বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। এতে অতিথি হিসেবে গোপালগঞ্জের তিনটি আসনের সংসদ সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে। এ অনুষ্ঠানকে সামনে রেখে কোনো একটি দুষ্কৃতকারী মহল পরিকল্পিতভাবে ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
তিনি ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
গোপালগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ অভিযান চালাচ্ছে।