ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

অভিমান করে বাড়ি ছাড়ার পরদিন পুকুরপাড়ে মিলল তরুণের মরদেহ

অভিমান করে বাড়ি ছাড়ার পরদিন পুকুরপাড়ে মিলল তরুণের মরদেহ
×
×

মো. মারুফ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬ | ১৩:১০ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৬ | ১৩:৩৬

নোয়াখালীর সেনবাগে পরিবারের ওপরের অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার এক দিন পর মো. মারুফ (২১) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মতইন দক্ষিণপাড়া এলাকায় ধানখেতসংলগ্ন একটি পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মারুফ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের মতইন দক্ষিণপাড়া হাজী বাড়ির মো. রিপনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে পরিবারের সদস্যদের সাথে অভিমান করে মারুফ নিজের মোবাইল ফোনটি ভেঙে ফেলেন। এরপর জামাকাপড় ট্রাভেল ব্যাগে গুছিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। সারা রাত ও পরদিন তাকে আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরদিন গতকাল বুধবার রাত ১০টার দিকে মতইন দক্ষিণপাড়া এলাকায় ধানখেতসংলগ্ন একটি পুকুরপাড়ে মারুফের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে সেনবাগ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। একই সাথে লাশের পাশ থেকে তার ব্যবহৃত ট্রাভেল ব্যাগ ও জুতা জব্দ করা হয়।

ঘটনাস্থলের সুরতহাল চিত্র তুলে ধরে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী মিলন জানান, লাশটির গলায় গামছা পেঁচানো ছিল এবং গামছার অপর অংশটি পুকুরপাড়ের একটি গাছের ডালে বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টার একপর্যায়ে পুরোনো গামছাটি ছিঁড়ে তিনি মাটিতে পড়ে যান।

বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

×