জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব
গোপালগঞ্জে চ্যাম্পিয়ন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ
ছবি- সমকাল
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬ | ১৮:০১ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৬ | ১৮:৫৮
গোপালগঞ্জে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের জেলা পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে গোপালগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। রানার্সআপ হয়েছে যুগশিখা বালিকা উচ্চ বিদ্যালয়। আর সেরা বক্তা নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের দলনেতা আরিবা মারজান আরা।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শহরের গোপালগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে এ প্রতিযোগিতায় জেলার আটটি বিদ্যালয়ের ২৪ জন বিতার্কিক অংশ নেন।
চূড়ান্ত পর্বের বিতর্কের বিষয় ছিল, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষার্থীদের সৃজনশীলতার জন্য হুমকি নয়, বরং নতুন নতুন সম্ভাবনার দ্বার।’ তিনটি রাউন্ডে প্রতিযোগিতায় অংশ নেন শিক্ষার্থীরা। প্রতিটি পর্বে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যুক্তিতর্কে উৎসবমুখর হয়ে ওঠে কলেজ মিলনায়তন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শাহ মো. ইকবাল হোসেন। অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. হাবিবুর রহমান সঞ্চালকের দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক আমিনুল হাসান শাহীন।
বিচারকের দায়িত্ব পালন করেন গোপালগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক অসীম বাড়ৈ, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. তুহিন রহমান, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক হাচান ইমাম ও ফকরুজ্জামান, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মনোজ রায় এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ইনামুল মিয়া। সমাপনী বক্তব্য দেন দৈনিক সমকালের গোপালগঞ্জ প্রতিনিধি মনোজ সাহা।
প্রতিযোগিতায় অংশ নেওয়া বিদ্যালয়গুলো হলো—গোপালগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, সীতানাথ মথুরানাথ সরকারি উচ্চ বিদ্যালয়, বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মাঝিগাতী দশপল্লী নেছার উদ্দিন খান উচ্চ বিদ্যালয়, যুগশিখা বালিকা উচ্চ বিদ্যালয়, নিলফা-বয়রা উচ্চ বিদ্যালয়, কোটালীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন ও স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়।
সুহৃদ সমাবেশ, বিজ্ঞান ক্লাব ও ডিবেট ক্লাবের সদস্যরা সময় নিয়ন্ত্রণ, অতিথিদের স্বাগত জানানোসহ প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন।
- বিষয় :
- বিতর্ক উৎসব
- সমকাল