ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব

নরসিংদীতে চ্যাম্পিয়ন ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয়

নরসিংদীতে চ্যাম্পিয়ন ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয়
×
×

ছবি- সমকাল

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬ | ২১:৩২

নরসিংদীতে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের জেলা পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয়েছে ব্রাহ্মন্দী গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ। আর শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের দলনেতা আব্দুর রহিম।

বৃহস্পতিবার নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে আয়োজিত উৎসবে জেলার সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্য প্রতিষ্ঠানগুলো হলো—সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ, পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, নরসিংদী পিনাকল চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজ, ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় এবং নরসিংদী রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড হোমস।

সকাল ১০টায় বিতর্ক উৎসবের উদ্বোধন করেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস। সমকাল নরসিংদী প্রতিনিধি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক ছিলেন সাবেক জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান মিয়া।

বিচারকের দায়িত্ব পালন করেন নরসিংদী বিজ্ঞান কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল হক সোহাগ, নরসিংদী প্রিপারেটরি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মাইনুল ইসলাম মীরু এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ম্যাচ কমিশনার সগির আহমেদ। সঞ্চালকের দায়িত্বে ছিলেন নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জহির মৃধা।

প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন, রানার্সআপ ও অংশগ্রহণকারী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন, সমকালের পলাশ উপজেলা প্রতিনিধি আসাদুল্লাহ মনা, সময় টিভির স্টাফ রিপোর্টার আশিকুর রহমান পিয়াল ও দি ডেইলি স্টারের নিজস্ব প্রতিবেদক জাহিদুল ইসলাম জয়।

বিতর্ক উৎসব আয়োজনে সার্বিক সহযোগিতা করেন সমকাল সুহৃদ সমাবেশ নরসিংদী জেলা কমিটির সহসভাপতি গাজী হানিফ মাহমুদ, জসিম উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক তানজিদ আহমেদ অপি, সুহৃদ কাউছার মাহমুদ, হাসান আল মামুনসহ জেলার সুহৃদরা।

আরও পড়ুন

×