গাছের ডাল মাথায় পড়ে মোটরসাইকেল চালকের মৃত্যু, গুরুতর আহত ছেলে
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ | ১৫:২২ | আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ | ১৫:৪১
দিনাজপুরের নবাবগঞ্জে সড়কের পাশে গাছের ডাল কাটার সময় মাথায় পড়ে ইয়াছিন আলী (৩১) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার পাঁচ বছর বয়সী ছেলে মো. রিয়াদ গুরুতর আহত হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে ফুলবাড়ী-মধ্যপাড়া মহাসড়কের ভাগলপুর-মহেশপুর সেতুসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছিন আলী নবাবগঞ্জ উপজেলার সালঘরিয়া গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, বিরামপুর থেকে ছেলেকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ইয়াছিন। পথে ভাগলপুর-মহেশপুর সেতুসংলগ্ন এলাকায় সড়কের পাশে গাছের ডাল কাটার সময় একটি ডাল তার মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলে থাকা ছেলে রিয়াদও গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা বাবা-ছেলেকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে রিয়াদকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ইয়াছিনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ঘটনাস্থলে ফুলবাড়ী থানা পুলিশ উপস্থিত থাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল করেছে। ঘটনাটি নবাবগঞ্জ থানা এলাকায় হওয়ায় সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
- নিহত