ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

বাদাম কিনতে সড়ক পার হচ্ছিল শিশু, লেগুনার চাকায় পিষ্ট হয়ে মৃত্যু

বাদাম কিনতে সড়ক পার হচ্ছিল শিশু, লেগুনার চাকায় পিষ্ট হয়ে মৃত্যু
×
×

ফাইল ছবি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ | ১৭:৫৭

চট্টগ্রামের পটিয়ায় বাদাম কেনার জন্য সড়ক পার হতে গিয়ে লেগুনার চাকায় পিষ্ট হয়ে তাসফিয়া সুলতানা নামের সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার নাখাইন গ্যাস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় লেগুনার চালক সাইদুল ইসলামকে আটক করেছে পুলিশ।

নিহত তাসফিয়া সুলতানা সাতকানিয়া উপজেলার বাসিন্দা আবু হানিফের মেয়ে। তার বাবা স্থানীয় একটি মুদিদোকানের কর্মচারী। বাবার চাকরির সুবাদে পরিবারের সঙ্গে পটিয়া উপজেলায় একটি ভাড়া বাসায় থাকত তাসফিয়া। দুর্ঘটনাস্থল থেকে তাদের বাসার দূরত্ব প্রায় ২০০ মিটার।

পরিবারের সদস্যরা জানায়, শুক্রবার সকালে বাদাম কেনার জন্য বাসা থেকে একা বের হয়েছিল তাসফিয়া। পরে মহাসড়ক পার হওয়ার সময় একটি লেগুনার নিচে চাপা পড়ে সে। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সকাল সাড়ে ১০টার দিকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, মেয়ের মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েছেন তাসফিয়ার মা রুজি আক্তার। মেয়েকে হারিয়ে বারবার বিলাপ করছিলেন তিনি। তার আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে।

রুজি আক্তার বলেন, সকালে বাদাম কেনার জন্য তাসফিয়া একা ঘর থেকে বের হয়েছিল। এর কিছুক্ষণ পরই মেয়ের দুর্ঘটনার খবর পাই। পরে জানতে পারি- গাড়িচাপায় মেয়ের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনায় জড়িত লেগুনার চালক সাইদুল ইসলামকে স্থানীয় বাসিন্দারা আটক করে হাসপাতালে নিয়ে আসেন। সাইদুল ইসলাম বলেন, তিনি নগরের নতুন ব্রিজ এলাকা থেকে যাত্রী নিয়ে পটিয়ার দিকে যাচ্ছিলেন। নাখাইন গ্যাস পাম্পের সামনে পৌঁছালে চট্টগ্রামমুখী একটি বাসের হর্নের শব্দে শিশুটি আতঙ্কিত হয়ে দৌড় দেয়। এ সময় শিশুটি তার লেগুনার চাকার নিচে পড়ে যায়। পরে তিনি নিজের লেগুনায় করেই শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তৃষ্ণা সরকার বলেন, শুক্রবার সকাল ১০টা ২৫ মিনিটে শিশুটিকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বারেক বলেন, সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি লেগুনার চাপায় শিশুটি গুরুতর আহত হয়। পরে তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় লেগুনার চালককে আটক করা হয়েছে।

আরও পড়ুন

×