ভালো ফল যথেষ্ট নয়, শিক্ষার্থীদের হতে হবে দেশপ্রেমিক: খাদ্যমন্ত্রী
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ | ২০:১৪
খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, শিক্ষার্থীদের কেবল ভালো ফল ও সনদ অর্জনের মধ্যে নিজেদের সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমবোধে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কেবল জ্ঞান অর্জন নয়, বরং নিজেকে একজন যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা। শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও মূল্যবোধ ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
শুক্রবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার মুন্নু সিটিতে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই পরীক্ষায় ভালো ফল করাই যথেষ্ট নয়; তোমাদের নিজেকে সৎ, দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা যেন কেবল সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থাকে; বরং তা যেন মানুষের চিন্তাশক্তি, বিবেক ও দায়িত্ববোধকে সমৃদ্ধ করে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. খাইরুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলী। প্রতিষ্ঠানের মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে নাচ, গান, ফ্যাশন শো এবং আলোচনা পর্বের মধ্য দিয়ে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
১২৫ পূজামণ্ডপে চাল বিতরণ
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মানিকগঞ্জ সদর উপজেলার ১২৫টি পূজামণ্ডপে ৬০০ কেজি করে জিআর চালের ডিও লেটার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলা অফিসার্স ক্লাব প্রাঙ্গণে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সংশ্লিষ্ট পূজামণ্ডপ প্রতিনিধিদের হাতে ডিও লেটার তুলে দেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, মানিকগঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আমাদের আত্মীয়তার সম্পর্ক। তারা আমার বাসায় গত ঈদে দাওয়াত খেয়েছেন। মানিকগঞ্জের সাম্প্রতিক সম্প্রীতি দেশের যে কোনো জেলার তুলনায় ভালো রয়েছে। এটিকে ধরে রাখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, মানিকগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমি খানম, মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি নাসরিন, সহকারী কমিশনার (ভূমি) রিক্তা খাতুন, পিআইও আলী নুরসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন মন্দিরের প্রতিনিধিবৃন্দ।
- বিষয় :
- খাদ্যমন্ত্রী
- মানিকগঞ্জ