কৃষিতে এআই প্রযুক্তি বাঙালি তরুণের কৃতিত্ব
মিনহাজ উদ্দিন নয়ন
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ | ০৮:১৫
| প্রিন্ট সংস্করণ
গ্রামবাংলার প্রচলিত কৃষিভিত্তিক ফসল উৎপাদন প্রক্রিয়াকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সমন্বয়ে বিস্ময়ে পরিণত করে আধুনিক কৃষিব্যবস্থায় অনন্য মাইলফলক স্থাপন করলেন এক বাংলাদেশি তরুণ। যুক্তরাষ্ট্রে বসে এই অভিনব গবেষণা কর্মে সাফল্যের স্বীকৃতিস্বরূপ অর্জন করলেন ডক্টরেট (পিএইচডি) সম্মাননা।
এমনই অর্জনের গল্প লিখেছেন জুড়ী উপজেলার মেধাবী তরুণ মিনহাজ উদ্দিন নয়ন। সম্প্রতি এই বিশেষ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী মিসিসিপি স্টেট ইউনিভার্সিটিতে গবেষণা কর্ম সফলভাবে সম্পন্ন করে এই সম্মান অর্জন করেন নয়ন।
অটোমোবাইল বা রোবোটিকস নয়, বাংলাদেশের এই তরুণের কৃষিভিত্তিক আধুনিক গবেষণা কাজে মুগ্ধ যুক্তরাষ্ট্রের ওই বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরাও। সেই সঙ্গে দেশপ্রেমের অনন্য উদাহরণ স্থাপন করে দেশ ও প্রবাসে প্রশংসায় ভাসছেন এই তরুণ।
আধুনিক গবেষণার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের প্রযুক্তিনির্ভর কৃষিব্যবস্থার উন্নয়ন এবং ফসল উৎপাদনে বিজ্ঞানের সমন্বয়ে সর্বোচ্চ সাফল্য চান তিনি। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কৃষি ও জীবপ্রকৌশল বিভাগ থেকে এই গবেষণা কাজে ডক্টরেট ডিগ্রি লাভ করেন তরুণ এই বাংলাদেশি।
ড. মিনহাজ উদ্দিন নয়ন জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বটুলী গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে। চার ভাইয়ের মধ্যে নয়ন তৃতীয়। তাঁর বাবা কানাইঘাটের গাছবাড়ী জামিউল উলুম কামিল মাদ্রাসার শিক্ষক ছিলেন। সেই সুবাদে গাছবাড়ী মডার্ন একাডেমি থেকে মাধ্যমিক এবং গাছবাড়ী আইডিয়াল ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন নয়ন। এরপর তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি
প্রকৌশল ও কারিগরি অনুষদ থেকে ২০১৫-২০১৬ সেশনে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন।
পরবর্তী সময়ে একই বিশ্ববিদ্যালয়ের কৃষিশক্তি ও যন্ত্র বিভাগ থেকে ২০২১-২০২২ সেশনে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি সম্পন্ন করে উচ্চশিক্ষার উদ্দেশ্যে আমেরিকায় পাড়ি জমান। তাঁর গবেষণার মূল বিষয় ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ফসলের ফলনের তথ্য আরও নির্ভুল করা।
গবেষণা সম্পর্কে মিনহাজ উদ্দিন নয়ন বলেন, ফসল কাটার আধুনিক যন্ত্র জমির কোন জায়গায় কত ফলন হয়েছে সেই তথ্য সংগ্রহ করে। তবে কারিগরি কারণে এসব তথ্যে অনেক সময় ভুল থাকে। তাঁর গবেষণায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মেশিন লার্নিং ও ডিপ লার্নিং পদ্ধতি ব্যবহার করে এসব ভুল শনাক্ত করা এবং ফলনের সঠিক তথ্যকে জমির নিখুঁত অবস্থানের সঙ্গে যুক্ত করার কাজ করবে, যাতে কৃষক জমির প্রকৃত ফলন সম্পর্কে সঠিক ধারণা পান।
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নয়ন জানান, তাঁর পরবর্তী পরিকল্পনা পোস্টডক্টরাল গবেষণায় যোগ দিয়ে গবেষণার অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করা। নিজের সঙ্গে কৃষিকে বিশ্বের ক্ষুধামুক্তির লড়াইয়ে উপযুক্ত সহযোদ্ধা করে তোলা।
- বিষয় :
- কৃষি