শরতের সকালে ঘন কুয়াশার চাদর, উত্তরাঞ্চলে শীতের আগমনী বার্তা
আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ | ১৯:৫৫
টানা দুই দিন বৃষ্টির পর জয়পুরহাটের আক্কেলপুরে ভোরে ঘন কুয়াশা দেখা যাচ্ছে। ভোরে ফসলের মাঠ, ঘাস আর গাছগাছালির ওপর শিশিরবিন্দু আর ভোরের হিমেল বাতাস জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। আজ শনিবার সকাল ৯টা পর্যন্ত উপজেলার সড়ক ও গ্রামীণ জনপদের চারপাশ ঢেকে ছিল ঘন কুয়াশার আস্তরণে। তবে দিনভর রোদে আবহাওয়া গরম ছিল।
সকালের এই বদলে যাওয়া পরিবেশে গ্রামবাংলার চেনা দৃশ্যেও এসেছে নতুন মাত্রা। ফসলের ওপর হালকা কুয়াশার আস্তরণ। পাতায় পাতায় শিশির। দূরের পথ অস্পষ্ট হয়ে আসে কুয়াশায়। ভোরের ঠান্ডা বাতাস উপেক্ষা করেই কাজে বেরিয়ে পড়ছেন কৃষক ও দিনমজুরেরা। ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে যানবাহনগুলোকে।
পার্শ্ববর্তী নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, এই এলাকায় সাধারণত নভেম্বরের শুরু থেকে শীতের আমেজ শুরু হয়। এবার চলতি মৌসুমে মেঘলা আকাশ এবং মাঝে মাঝে বৃষ্টিপাতের কারণে শীতের আমেজ আগেভাগেই শুরু হয়েছে। বর্তমানে দিনে ২৫ থেকে ৩০ এবং রাতে ২১ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। শুক্রবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ শনিবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
আক্কেলপুর পৌর এলাকার বাসিন্দা আরমান হোসেন বলেন, সবেমাত্র অক্টোবর মাস শুরু হয়েছে। শীত আসতে আরও দেরি আছে। গত দুইদিন ধরে টানা বৃষ্টিতে যেন শীত নামিয়ে দিল। দুইদিন ধরে এ অবস্থার সৃষ্টি হয়েছে। ভোরে ঘুম থেকে উঠলে দেখা যায় বাড়ির চারপাশ ঘন কুয়াশায় ঢাকা পড়েছে। কুয়াশার সঙ্গে শীত অনুভূত হচ্ছে। রাতে হালকা কাঁথা নিয়ে ঘুমাতে হয়। মাঝে মধ্যে আবার ফ্যানও ছাড়তে হয়। আবার দিনের বেলায় তীব্র গরম অনুভূত হচ্ছে।
আব্দুল লতিফ বলেন, ঋতুর পালাবদলের সঙ্গে সন্ধ্যার পর থেকেই হালকা কুয়াশা পড়ছে। সকালে বাইরে বের হলে শীতের আমেজ পাওয়া যায়। দিন বাড়ার সঙ্গে সঙ্গে অবশ্য কুয়াশা কেটে যায়। রোদের তেজ বাড়ে, ফিরে আসে দিনের গরম। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেই আবার অনুভূত হয় হালকা ঠান্ডা। দিনের গরম আর রাতের শীতলতার এই পালাবদলেই এখন আক্কেলপুরের মানুষের দিনযাপন চলছে।
ট্রাক চালক লিটন হোসেন বলেন, শীত আসার আগেই এমনভাবে ঘন কুয়াশা নামবে কল্পনা করতে পারিনি। বৃষ্টির পর থেকে আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে। সকালের কুয়াশা এতটাই ঘন হচ্ছে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে।
নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুল ইসলাম বলেন, আজ শনিবার ভোর ৬টায় তাপমাত্রা ২১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শরৎকালে এবার বৃষ্টি হয়েছে। এ কারণে দিনের চেয়ে রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। এ কারণে রাতে ও সকালে কুয়াশা দেখা যাচ্ছে।
- বিষয় :
- জয়পুরহাট