দুর্গাপূজা
মণ্ডপে সিসি ক্যামেরা ও কড়া নিরাপত্তার নির্দেশ বিমানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ | ২০:৩৬
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে উদযাপনে প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও পর্যাপ্ত পুলিশ মোতায়নে গুরুত্বারোপ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, মণ্ডপে সম্ভাব্য বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ধর্মীয় এই উৎসব যাতে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে হবে।
আজ রোববার দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি উন্নয়নমূলক কার্যক্রমের ওপর জোর দিয়ে বিমানমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা কমিটির সভাকে শুধু অপরাধ পর্যালোচনার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, উন্নয়ন কার্যক্রমের অগ্রগতিও নিয়মিত পর্যালোচনা করতে হবে। গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন নিশ্চিত করে পরবর্তী সভার আগেই দৃশ্যমান অগ্রগতি তুলে ধরতে হবে।’
জনগণের সেবা নিশ্চিত করতে রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের মধ্যে কার্যকর সমন্বয়ের তাগিদ দিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক সরকার দ্রুতগতিতে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। ময়মনসিংহের সার্বিক উন্নয়নে জনপ্রতিনিধি, প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রয়াস অপরিহার্য।
মাদকদ্রব্য নির্মূলে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের রূপরেখা ও অগ্রগতির প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। এছাড়া জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখা এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে কৃষি ও সমাজকল্যাণ বিভাগকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিমান ও পর্যটনমন্ত্রী ময়মনসিংহের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, স্থানীয় সংসদ সদস্য ও সিটি করপোরেশনের প্রশাসককে সঙ্গে নিয়ে ইতোমধ্যে রাস্তাঘাটের উন্নয়ন, খাদ্যগুদাম নির্মাণ, নদীভাঙন রোধ এবং সরকারি ভবন সংস্কার ও নতুন ভবন নির্মাণের তালিকা প্রস্তুত করা হয়েছে। আগামী বছর থেকে এসব প্রকল্পের কাজ শুরু হবে।
উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। কোনো ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্টদের কঠোর বিচারের আওতায় আনা হবে। সংসদ সদস্যরাও উন্নয়নকাজের ওপর সরাসরি নজরদারি রাখবেন।’
ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার উপস্থিত ছিলেন।
- বিষয় :
- ময়মনসিংহ