ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

জুলাই হত্যাসহ ৯ মামলার আসামি সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

জুলাই হত্যাসহ ৯ মামলার আসামি সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
×
×

আবুল মনছুর

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ | ২১:৪৩

জুলাই আন্দোলনে হত্যা ও একাধিক মামলার আসামি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল মনছুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে নগরের পাঁচলাইশ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে জুলাই আন্দোলন ও আগস্টের হত্যা মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে আবুল মনছুরকে গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসবিরোধী আইনে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। জামিনে কারাগার থেকে বের হওয়ার পর তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। দলীয় নেতাকর্মীদের নিয়ে রাতের আঁধারে কয়েকটি এলাকায় মিছিলও করেছেন।

ওসি আরও বলেন, এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে বিভিন্ন কর্মসূচি পালনের নেপথ্যে আবুল মনছুরের ভূমিকার তথ্য-প্রমাণ পুলিশের হাতে এসেছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে কারাগারে পাঠানো হবে।

আবুল মনছুর বাংলাদেশ আওয়ামী কৃষক লীগের চট্টগ্রাম উত্তর জেলার সদস্য। তাঁর বিরুদ্ধে নগরের বাকলিয়া, চান্দগাঁও ও হাটহাজারীসহ একাধিক থানায় মামলা রয়েছে। গত ১৮ জুন তিনি জামিনে কারাগার থেকে বের হন।

এদিকে ইউনিয়ন পরিষদের ১০ সদস্যের অনাস্থা প্রস্তাব এবং তাঁর বিরুদ্ধে আনা ছয়টি গুরুতর অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ২ জুন আবুল মনছুরের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। পরে হাটহাজারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

আরও পড়ুন

×