‘আপনারা এমপিদের পাত্তা দেন না, কেন? বাধ্য করবেন না থানা-ডিসি অফিস ঘেরাও করতে’
ছবি: সংগৃহীত
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ | ২২:১৮ | আপডেট: ১২ অক্টোবর ২০২৬ | ২২:১৯
‘আপনারা এমপিদের পাত্তা দেন না, কেন? আমরা কি মঙ্গলগ্রহ থেকে এসেছি? আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি।’ রংপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশে এমন ক্ষোভ ঝাড়েন রংপুর-৩ আসনের এমপি মাহবুবুর রহমান বেলাল।
গতকাল রোববার জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, ‘সরকারি বিভিন্ন কমিটিতে সংসদ সদস্যদের প্রতিনিধি রাখা হয়নি। সার ডিলার নিয়োগে ব্যাপক স্বজনপ্রীতি করা হয়েছে।’
জনগণের স্বার্থ উপেক্ষিত হলে প্রয়োজনে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামবেন জানিয়ে এমপি মাহবুবুর রহমান বেলাল বলেন, ‘প্রশাসন যদি সংসদ সদস্যদের মূল্যায়ন না করে, তবে জনগণকে সঙ্গে নিয়ে মাঠে নামা ছাড়া কোনো উপায় থাকবে না। আমাকে বাধ্য করবেন না থানা ঘেরাওয়ের জন্য, আমাকে বাধ্য করবেন না ডিসি অফিস ঘেরাওয়ের জন্য। পরিষ্কার বললাম। আমি ভদ্র লোক, কিন্তু অভদ্র হতে বাধ্য করবেন না।’
তাঁর ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে এমপি মাহবুবুর রহমান বেলালকে আরও বলতে শোনা যায়, ‘উই আর দ্য সন অব দিস সয়েল, অব দিস ল্যান্ড। জনগণ আমাকে ভোট দিয়েছে। আপনারা পাত্তা দিচ্ছেন না কেন? চেয়ার দিতে চান না কেন? জনগণ নিয়ে কি ঘেরাও করব? রাস্তাঘাট চলাচল বন্ধ করে দেব?’
মাহবুবুর রহমান বলেন, ‘যদি পাবলিক ক্ষেপে যায়, তাহলে কিন্তু সেই ক্ষ্যাপানো আপনারা থামাতে পারবেন না, পরিষ্কার বলে দিলাম। সেই ক্ষমতা পুলিশের নাই, কারও নাই। পাবলিক অত বোকা আর নাই। পুলিশকে, র্যাবকে আর ভয় পায় না, তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য।’
সংসদ সদস্য বলেন, ‘সিটি নিয়ে আলোচনা হবে; সিটি প্রশাসক নাই, মেয়র নাই, এ তো হতে পারে না! তাঁরা আসবেন না কেন, আমার মাথায় ঢোকে না। এমপিরা যদি থাকতে পারেন, হোয়াই নট প্রশাসক? হোয়াই নট মেয়র? আমি বুঝি না।’
তাঁর বক্তব্যের জবাবে জেলা প্রশাসক ও সভার সভাপতি ইসরাত জাহান বলেন, ‘আইনশৃঙ্খলা কমিটি জেলার সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। এখানে সরকারি কর্মকর্তাসহ উপস্থিত সবার পারস্পরিক সম্মান ও মর্যাদা বজায় রেখে আলোচনা করা সমীচীন। যেকোনো বক্তব্য উপস্থাপনের ক্ষেত্রে সবারই শব্দ চয়নের ব্যাপারে আরও দায়িত্বশীল ও সতর্ক থাকা উচিত।’
জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে আইনশৃঙ্খলা সভায় রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী, রংপুর-৫ আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী এবং রংপুর-৬ আসনের সংসদ সদস্য নুরুল আমিনসহ মহানগর ও জেলা পুলিশের কর্মকর্তা এবং জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।