ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

চাঁদপুরে জেলেদের ৫ টন ভিজিএফের চাল জব্দের অভিযোগে ইউপি সচিব সাময়িক বরখাস্ত

চাঁদপুরে জেলেদের ৫ টন ভিজিএফের চাল জব্দের অভিযোগে ইউপি সচিব সাময়িক বরখাস্ত
×
×

সাময়িক বরখাস্ত ইউপি সচিব গোলাম মোস্তফা শামীম

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ | ২২:৫১

মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে কর্মহীন নিবন্ধিত জেলেদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ করা পাঁচ টন সরকারি ভিজিএফের চাল পাচারের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) গোলাম মোস্তফা শামীমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে।

সোমবার জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এ ব্যবস্থা নেন। একই দিন বিষয়টি নিশ্চিত করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমা।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের নিবন্ধিত জেলেদের জন্য সরকারি ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়। অভিযোগ ওঠে, জেলেদের মধ্যে বিতরণ না করে ওই চাল একটি মিনি পিকআপে করে কুমিল্লার লাকসামে নেওয়া হচ্ছিল।

রোববার বিষয়টি প্রশাসনের নজরে এলে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। প্রশাসনের নির্দেশে ওই দিন রাতে চালবাহী গাড়িটি হাজীগঞ্জ এলাকা থেকে ফিরিয়ে চাঁদপুরে আনা হয়। পরে শহরের বিপণীবাগ এলাকায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসেমের নেতৃত্বে অভিযান চালিয়ে পিকআপসহ প্রায় পাঁচ টন চাল জব্দ করা হয়। উদ্ধার করা চাল বর্তমানে সরকারি হেফাজতে রয়েছে।

এ ঘটনায় জেলা প্রশাসকের নির্দেশে ইউপি সচিব গোলাম মোস্তফা শামীমকে সাময়িক বরখাস্ত করা হয়। চাল পরিবহনের কারণ, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না এবং অনিয়মের পেছনে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাসেমকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তবে চাল পাচার ও বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন ইউপি সচিব গোলাম মোস্তফা শামীম। তাঁর দাবি, চাল নিয়ে শহরে আসার সড়কটি খারাপ থাকায় বিকল্প ভালো সড়ক দিয়ে গাড়িটি ঘুরিয়ে আনা হচ্ছিল।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, চালের ঘটনায় উপজেলা মৎস্য বিভাগ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ওই জিডির সূত্র ধরে গোলাম মোস্তফা শামীমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাকে এখনো আটক বা গ্রেপ্তার দেখানো হয়নি।

তদন্ত কমিটির প্রধান সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাসেম সমকালকে বলেন, তদন্তের কাজ প্রায় শেষ পর্যায়ে। সোমবার রাতেই প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা করছেন।

আরও পড়ুন

×