ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

চলাচলের পথ বন্ধ করে দেয়াল নির্মাণ, অবরুদ্ধ দুই পরিবার

চলাচলের পথ বন্ধ করে দেয়াল নির্মাণ, অবরুদ্ধ দুই পরিবার
×
×

ছবি: সমকাল

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ | ১৯:৪৯

ফেনীর পরশুরাম উপজেলায় দুই পরিবারের সদস্যদের যাতায়াতের পথ বন্ধ করে দেয়াল নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এতে অবরুদ্ধ হয়ে পড়েছেন দুই বাড়ির লোকজন। গত শনিবার রাতে চিথলিয়া ইউনিয়নের চিথলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্র জানায়, চিথলিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইয়াসিন চৌধুরীর পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে তাদের বসতবাড়িতে যাতায়াতের জন্য পথটি ব্যবহার করে আসছে। পূর্ববিরোধের জেরে গত শনিবার রাতে একই গ্রামের হুমায়ুন কবির, মো. ইউনুস ওরফে টিপু ও হুমায়ুন কবিরের ছেলে ফজলুল করিম শহীদ বহিরাগত লোকদের সঙ্গে নিয়ে ইয়াসিনের বসতবাড়ির প্রধান প্রবেশপথের গেটের সামনে ইট-সিমেন্ট দিয়ে দেয়াল নির্মাণ শুরু করে। পরে ভুক্তভোগীরা বিষয়টি পরশুরাম মডেল থানা পুলিশকে অবগত করলে পুলিশ গিয়ে কাজ বন্ধ করে দেয়।

অভিযোগ প্রসঙ্গে ফজলুল করিম শহীদ বলেন, ‘আমাদের জায়গায় দেয়াল নির্মাণ করে গাড়ি রাখার জায়গা করছি। ইয়াসিন চৌধুরী বাড়ির লোকদের ফেনী-পরশুরাম সড়কের দিক দিয়ে চলাচলের রাস্তা রয়েছে। উনারা ওই রাস্তা দিয়ে চলাচল করলেও অন্য কাউকে চলাচল করতে দেয় না। আমরাও আমাদের জায়গায় কাজে লাগাচ্ছি। তাতে উনাদের সমস্যা কি।’

ভুক্তভোগী মোহাম্মদ ইয়াসিন চৌধুরী বলেন, পূর্বপুরুষ থেকে আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করছি। চলাচলের রাস্তাটি বন্ধ করে দেওয়ায় দুই পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দীর্ঘদিনের ব্যবহৃত পথটি বন্ধ করে দেওয়ায় তারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। 

পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম বলেন, চিথলিয়া গ্রামে চলাচলের পথ বন্ধ করে রাতের অন্ধকারে দেয়াল নির্মাণের খবর পেয়ে পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করে দিয়ে দিয়েছি। এখন কাজ বন্ধ রয়েছে। বিরোধপূর্ণ জায়গা সম্পত্তির বিষয়টি আদালতের মাধ্যমে শেষ করতে হবে।
 

আরও পড়ুন

×