সাংবাদিকের ওপর হামলা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ | ২০:০৪
গাইবান্ধায় বাণিজ্য মেলায় বিদ্যুৎ-সংক্রান্ত সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে সাংবাদিক মাসুম লুমেনের ওপর অতর্কিতে হামলার অভিযোগ উঠেছে। গত সোমবার গভীর রাতের এ ঘটনার পর ভোরেই অভিযান চালিয়ে মূল অভিযুক্ত অলিভকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
জানা যায়, সোমবার রাত ১০টার পর বিদ্যুৎ-সংক্রান্ত সংবাদের তথ্য ও বক্তব্য সংগ্রহের জন্য বাণিজ্য মেলায় যান সাংবাদিক মাসুম লুমেন ও তাজরুল ইসলাম। পেশাগত কাজ শেষে মেলার প্রধান ফটক দিয়ে বের হওয়ার সময় তাদের ওপর হামলা চালানো হয়।
ভুক্তভোগী সাংবাদিক মাসুম লুমেন অভিযোগ করে বলেন, ‘মেলা কর্তৃপক্ষের নির্দেশে অলিভ ও তাঁর সঙ্গীরা আমার ওপর অতর্কিতে হামলা চালায়। স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বাধাগ্রস্ত করতে এ হামলা চালানো হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
ঘটনার নিন্দা জানিয়ে গাইবান্ধা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জাভেদ হোসেন, সাংবাদিক শাহাবুদ্দিন তোতা ও বিপ্লব ইসলাম বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা অত্যন্ত উদ্বেগজনক। সংক্ষুব্ধ হওয়ার আইনি পথ থাকলেও হামলা চালিয়ে কণ্ঠরোধের চেষ্টা মেনে নেওয়া যায় না। তারা অবিলম্বে জড়িতদের কঠোর বিচার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, সংবাদ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে গাইবান্ধা শহরের বিহারিপট্টি এলাকার নিজ বাসা থেকে অভিযুক্ত অলিভকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় মামলা ও পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।