বিলুপ্তির পরদিনই বিদ্রোহী গ্রুপের পাল্টা কমিটি
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ | ০৮:২৮
| প্রিন্ট সংস্করণ
ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির তৃণমূল কমিটিগুলো বিলুপ্ত ঘোষণার ২৪ ঘণ্টার ব্যবধানে বহিষ্কৃত ও বিদ্রোহী অংশের নেতারা সংবাদ সম্মেলন করে পাল্টা কমিটি ঘোষণা করেছেন।
সোমবার সন্ধ্যায় ঈশ্বরদী প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলার ৭টি ইউনিয়ন ও সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর পাল্টা কমিটি ঘোষণা করেন বিদ্রোহী অংশের আহ্বায়ক জাহাঙ্গীর আলম। অন্যদিকে পৌরসভার ৯টি ওয়ার্ডের পাল্টা কমিটি ঘোষণা করেন ওই পক্ষের পৌর কমিটির আহ্বায়ক ইসলাম হোসেন জুয়েল।
এ সময় বহিষ্কৃত গ্রুপের উপজেলা কমিটির সদস্য সচিব সাহাব উদ্দীন সেন্টু, পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন জনি এবং পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন জুয়েলসহ কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বিদ্রোহী অংশের নেতারা অভিযোগ করে বলেন, ‘আমরা বছরের পর বছর ধরে রাজপথে পুলিশের লাঠিচার্জ, মামলা ও হামলার শিকার হয়েছি। কিন্তু বর্তমান কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন না করে বিশেষ সুবিধাভোগী মহলকে প্রাধান্য দেওয়া হয়েছে। দলের অস্তিত্ব রক্ষায় আমরা এই পাল্টা কমিটি গঠন করতে বাধ্য হয়েছি।’
দলীয় সূত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনে দলীয় নির্দেশ অমান্য করে স্বতন্ত্র নির্বাচন করায় কেন্দ্র থেকে বিএনপি নেতা জাকারিয়া পিন্টুকে বহিষ্কার করা হয়। বর্তমানে তাঁর নেতৃত্বেই পাল্টাপাল্টি সাংগঠনিক কার্যক্রম চালছে। মূলত গত ২২ আগস্ট জেলা বিএনপি ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে। এরপর ৩০ আগস্ট বহিষ্কৃত জাকারিয়া পিন্টু নিজে স্বাক্ষর করে ২৪ সদস্যের উপজেলা ও ২২ সদস্যের পৌর শাখার পাল্টা কমিটি ঘোষণা করেছিলেন। সেই ধারাবাহিকতাতেই এবার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পাল্টা কমিটি গঠন করা হলো।
অন্যদিকে ঘোষিত এই কমিটিকে ‘ অবৈধ, ভুয়া ও শৃঙ্খলা পরিপন্থি’ হিসেবে আখ্যা দিয়েছেন উপজেলা ও পৌর বিএনপির মূল ধারার নেতারা।
ঈশ্বরদী পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ বহিষ্কৃত নেতাদের উদ্দেশে বলেন, ‘বহিষ্কৃতদের বিরুদ্ধে নতুন করে ব্যবস্থা নেওয়ার কিছু নেই, কারণ তারা বিএনপির নীতি-আদর্শই মানেন না। কোনো বহিষ্কৃত নেতা কীভাবে দলের কমিটির অনুমোদন দেন? তারা মূলত নিজস্ব ‘তৃণমূল বিএনপি’ গঠন করে এসব কমিটি দিচ্ছেন, যার জবাব তারাই ভালো দিতে পারবেন।’
উপজেলা বিএনপির সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন বলেন, ‘দুই-একজন পথভ্রষ্ট নেতাকর্মীর এমন বিশৃঙ্খলা বিএনপির মূল সাংগঠনিক কর্মকাণ্ডে কোনো প্রভাব ফেলবে না। বিএনপির প্রতিটি পদক্ষেপ তারেক রহমানের নির্দেশে পরিচালিত হয়। তবে যারা দলীয় প্রতীক, ছবি, ব্যানার ও বিলবোর্ড ব্যবহার করে দলকে বিতর্কিত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে দ্রুতই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
- বিষয় :
- বিএনপি