গেম খেলার সময় মোবাইল ফোন বিস্ফোরণ, দুই যুবক আহত
দৃষ্টিশক্তি হারানোর শঙ্কা
প্রতীকী ছবি
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ | ১১:১৪
লক্ষ্মীপুরের রায়পুরে চার্জে লাগানো মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণে দুই যুবক আহত হয়েছেন। তাদের মধ্যে মো. রুবেল (২২) নামের এক যুবকের দুই চোখই গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার দৃষ্টিশক্তি ফিরে পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
মঙ্গলবার রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবগা এলাকার চৌধুরী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ইমরান হোসেন মনজু জানান, মোবাইল ফোন বিস্ফোরণে রুবেলের চোখ ও মুখমণ্ডলে গুরুতর আঘাত লেগেছে। চোখের ভেতরের অংশে মারাত্মক ক্ষতি হওয়ায় তার দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার বিষয়ে অনিশ্চয়তা রয়েছে।
প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় রুবেলকে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। অপর আহত শাকিলকে রায়পুরে প্রাথমিক চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সোনাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল্লাহ আল মামুন জানান, চার্জে থাকা অবস্থায় মোবাইল ফোনে গেম খেলার সময় এ ধরনের দুর্ঘটনা ঘটবে, তা কেউ কল্পনা করেননি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, মোবাইল ফোনটি কী কারণে বিস্ফোরিত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় পুলিশ তদন্ত করছে।
- বিষয় :
- লক্ষ্মীপুর
- বিস্ফোরণ
- আহত