দ্বিতীয় বিয়ে করে রাস্তায় দুই শিশুকে ফেলে গেলেন মা
বাবার সঙ্গে দুই শিশু
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ | ০৬:৪৪
দ্বিতীয় বিয়ে করে দুই শিশুসন্তানকে চিপস কিনে দেওয়ার কথা বলে বাজারে রাস্তার পাশে বসিয়ে রেখে যান জেসমিন আক্তার। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার এই ঘটনার একটি ভিডিও দুই দিন ধরে ফেসবুকে ঘুরছে। বিষয়টি জানতে পেরে গত মঙ্গলবার রাতে পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় শিশুখাদ্য ও আর্থিক সহায়তা পৌঁছে দেয় ব্রাহ্মণপাড়া থানার পুলিশ। বর্তমানে শিশু দুটি তাদের বাবা নূর মোহাম্মদ নাছির আলমের কাছে রয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বরুড়া উপজেলার বাসিন্দা জেসমিন আক্তারের সঙ্গে ব্রাহ্মণপাড়া উপজেলার নাল্লা গ্রামের নূর মোহাম্মদ নাছির আলমের বিয়ে হয়। তাদের সংসারে ইসরাত (৮) ও রোজা মনি (১৮ মাস) নামে দুই মেয়ে রয়েছে। তবে পারিবারিক কলহের জেরে প্রায় ছয় মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এর পর দুই মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন জেসমিন। সম্প্রতি অন্যত্র বিয়ে হলে দুই সন্তানকে নিয়ে বিপাকে পড়েন তিনি। গত ১১ অক্টোবর দুপুরে দুই সন্তান নিয়ে ব্রাহ্মণপাড়া বাজারে যান জেসমিন আক্তার। পরে সাবেক স্বামী নূর মোহাম্মদ নাছির আলমকে মোবাইল ফোনে বলেন, তিনি বাজারে এসেছেন এবং শিশুদের যেন তিনি নিয়ে যান। তবে ওই সময় নাছির আলম কুমিল্লা শহরে অটোরিকশা চালাচ্ছিলেন। এক পর্যায়ে ছোট দুই শিশুকে চিপস আনার কথা বলে বাজারের রাস্তার পাশে রেখে চলে যান তিনি। পরে দুই শিশু তাদের মাকে দেখতে না পেয়ে বাজারের বিভিন্ন জায়গায় কান্নাকাটি ও ছোটাছুটি শুরু করে।
শিশু দুটির বাবা নূর মোহাম্মদ জানান, শিশু দুটিকে যখন বাজারে রাখা হয়, তখন তিনি কুমিল্লা শহরে ছিলেন। নির্দয়ভাবে সন্তানদের রাস্তার পাশে অসহায় অবস্থায় ফেলে যান তাদের মা। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে আসেন। খবর পেয়ে শিশুদের চাচি শিরিনা বেগম বাজারে এসে তাদের শনাক্ত করে নিজ বাড়িতে নিয়ে যান। পরে তিনি শিশুদের নিজের কাছে নিয়ে যান। তিনি বলেন, ‘অভাবের সংসারে শিশুদের নিয়ে কষ্টে আছি। পুলিশ সুপারের কাছ থেকে মানবিক সহায়তা হিসেবে খাদ্য ও অর্থ সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
গতকাল বুধবার সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন বলেন, ঘটনাটি নজরে এলে পুলিশ সুপারের পক্ষ থেকে শিশুখাদ্য ও আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। তারা শিশু দুটির পাশে আছেন বলে জানান তিনি।