সাবেক স্ত্রীর বাড়ির পাশে ধানক্ষেতে পড়ে ছিল নিরাপত্তাকর্মীর মরদেহ
প্রতীকী ছবি
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ | ০৭:০০
| প্রিন্ট সংস্করণ
টাঙ্গাইলের সখীপুরে ধানক্ষেতের পাশ থেকে দুলাল হোসেন দুলু মিয়া নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার কাকড়াজান ইউনিয়নের চটানপাড়া গ্রামের মগার মার্কেট এলাকার একটি ধানক্ষেতের থেকে পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
নিহত দুলু মিয়া চটানপাড়া গ্রামের বাসিন্দা। তিনি বড়চওনা ইউনিয়নের রফিকরাজু ক্যাডেট স্কুল বড়চওনা শাখার নিরাপত্তা কর্মী (দারোয়ান) হিসেবে কর্মরত ছিলেন। তাঁর মরদেহ যেখানে পড়েছিল তাঁর পাশেই তাঁর তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রীর বাড়ি।
দুলু মিয়ার প্রথম স্ত্রী আসমা বেগম জানান, প্রায় দশ বছর আগে তাঁর স্বামী দ্বিতীয় বিয়ে করেন। কয়েক বছর আগে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। এরপরও তাঁর বাড়িতে দুলু মিয়ার নিয়মিত যাতায়াত ছিল। পরিবারের সকলে বারবার বুঝিয়েও তাঁকে ওই বাড়িতে যাওয়া থেকে বিরত রাখা যায়নি। তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রী ও তাঁর স্বজনরাই তাঁর স্বামীকে মেরে ফেলেছেন বলে অভিযোগ তাঁর।
তবে ভুক্তভোগীর সাবেক স্ত্রী জরিনা বেগম বলেন, ‘তালাকের পর দুলু মিয়ার সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না।’ হত্যাকাণ্ডের বিষয়ে তিনি কিছুই জানেন না বলেও দাবি করেন।
নিহত দুলু মিয়ার ছেলে আজহার মিয়ার ভাষ্য, তাঁর বাবা গত মঙ্গলবার রাতে দোকানে চা খেয়ে বাড়িতে ফিরে আবার বাইরে বের হন। এরপর কল দিয়ে যোগাযোগের চেষ্টা করলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। গতকাল বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ধানক্ষেতের পাশে মরদেহ পড়ে থাকতে দেখেন তারা।
স্থানীয়রা জানান, তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রীর বাড়ির পাশের ধানক্ষেতের কাছে দুলু মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে সখীপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন ও তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সখীপুর থানার ওসি মুরাদ হোসেন বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
- বিষয় :
- টাঙ্গাইল
- মরদেহ উদ্ধার
- পুলিশ