কোস্টগার্ডের অভিযানে ৪৪ জেলে আটক
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ | ০৮:১৩
| প্রিন্ট সংস্করণ
মা ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে চাঁদপুরের মেঘনা নদীতে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ কোস্টগার্ড (বিসিজি)। সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত টহল, বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে বিসিজি স্টেশন চাঁদপুর।
গতকাল বুধবার দুপুরে বিসিজি স্টেশন চাঁদপুরের আয়োজনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্টেশন কমান্ডার মুহতাদিন ইসলাম। তিনি জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে গত ৮ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বিশেষ অভিযানে সাফল্য পেয়েছে কোস্টগার্ড। এই সময়ের মধ্যে চার লাখ ৮৯ হাজার ৮০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৬৪ লাখ ৪৩ হাজার টাকা। এ ছাড়া এক লাখ ৯৫ হাজার টাকা মূল্যের ১০ কেজি মা ইলিশ এবং আট লাখ ৬৫ হাজার টাকা মূল্যের ১৬টি অবৈধ নৌযান জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দ মালপত্রের মূল্য প্রায় এক কোটি ৭৪ লাখ টাকা।
এই ছয় দিনের অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করায় ৪৪ জেলেকে আটক করা হয়। এর মধ্যে ৩৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত এবং অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ৬ জেলেকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া আইন অমান্যকারীদের কাছ থেকে ১৭ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।
চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার মুহতাদিন ইসলাম আরও জানান, গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ এবং বেচাকেনা নিষিদ্ধ।
- বিষয় :
- আটক