গাজীপুর
বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ
ছবি: সমকাল
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ | ১২:১৯
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সি স্টেজ বিডি লিমিটেড কারখানার শ্রমিকেরা। প্রায় এক ঘণ্টা অবরোধের পর পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন।
শ্রমিকরা জানান, গত ১০ অক্টোবর বকেয়া বেতনের দাবিতে আন্দোলনের পর কারখানা কর্তৃপক্ষ ১৩ অক্টোবর গত মাসের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেয়। কিন্তু নির্ধারিত সময়ে বেতন দেওয়া হয়নি। বুধবার বেতন দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ বেতন পরিশোধ না করে টালবাহানা করে। এর মধ্যে আজ বৃহস্পতিবার কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
এতে ক্ষুব্ধ হয়ে সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহনশ্রমীরা।
খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করে। একই সঙ্গে বকেয়া বেতন পরিশোধের বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকেরা সেই প্রস্তাবে সাড়া না দিয়ে অবরোধ অব্যাহত রাখেন। একপর্যায়ে পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সেপ্টেম্বর মাসের বেতনের দাবিতে সি স্টেজ বিডি লিমিটেডের শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছিলেন। তাদের মালিকপক্ষের সঙ্গে আলোচনা করার প্রস্তাব দিয়ে মহাসড়ক থেকে সরে যেতে বলা হয়েছিল। কিন্তু তারা অবরোধ অব্যাহত রাখায় কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের সরিয়ে দেওয়া হয়।
- বিষয় :
- গাজীপুর
- সড়ক অবরোধ
- পোশাক শ্রমিক