সাবেক এএসপির বাসায় ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার
প্রতীকী ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ | ১৭:২৫ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬ | ১৭:২৫
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সাবেক সহকারী পুলিশ সুপার (এএসপি) মতিন উল্লাহর বাড়িতে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার সকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি এলজি, চার রাউন্ড কার্তুজ, দুটি বড় ছোরা, একটি ট্রাক, সিসিটিভি ক্যামেরার একটি ডিভিআর ও মনিটর, একটি সিপিইউ এবং একটি ভাঙা তালা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার পাঁচজন হলেন- কুমিল্লার তিতাসের মো. রহিম, বরুড়ার মো. জামাল ওরফে কুদ্দুস, দাউদকান্দির মো. সাইফুল ইসলাম ওরফে সজিব, লাকসামের মো. আনোয়ার হোসেন মিলন ও মো. হানিফ।
পুলিশ জানায়, গত ১০ অক্টোবর দিবাগত রাত দেড়টা থেকে রাত ৩টার মধ্যে মিরসরাই উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুরের শেখের তালুক এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। ১৫ থেকে ১৬ জনের ডাকাত দল বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে। এ সময় বাড়ির মালিককে মারধর করে তার হাত-পা ও মুখ বেঁধে রাখা হয়। তার স্ত্রী ও মেয়েকে ভয় দেখিয়ে আটকে রাখে ডাকাতরা। পরে বাড়ির বিভিন্ন কক্ষের আলমারি, ওয়্যারড্রব ও আসবাবপত্র তছনছ করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন, সিসিটিভি ক্যামেরার মনিটর, ডিভিআর, সিপিইউসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় তারা। লুণ্ঠিত মালামালের আনুমানিক মূল্য ১৬ লাখ ৪০ হাজার ১৫০ টাকা।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেল জানান, বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণের ভিত্তিতে ঢাকা, কুমিল্লা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার রহিমের বিরুদ্ধে চুরি, অস্ত্র, খুন ও ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে। জামালের চারটি এবং সাইফুলের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। হানিফের বিরুদ্ধে ডাকাতির চেষ্টার একটি মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদে তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় ডাকাতি করেন।