সাজেকে আবারও সড়ক অবরোধ, আগুন জ্বালিয়ে বিক্ষোভ
ছবি- সমকাল
রাঙামাটি অফিস
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ | ১৭:৩৭ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬ | ১৭:৫৮
নির্ধারিত সময়ের মধ্যে তিন দফা দাবি পূরণ না হওয়া এবং প্রশাসনের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে বৃহস্পতিবার থেকে সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ শুরু করেছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারী অ্যাসোসিয়েশন। প্রথম দিন কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে সাজেক সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন অবরোধকারীরা। এতে ওই পথে কোনো যানবাহন চলাচল করেনি। সকালে সড়কে অবরোধকারীদের পিকেটিং করতে দেখা গেলেও দুপুরের পর তাদের আর দেখা যায়নি। দিনভর অবরোধ চললেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, জেএসএসের সন্তু লারমা গ্রুপের সশস্ত্র সদস্যদের সাজেক এলাকা থেকে সরিয়ে নেওয়াসহ তিন দফা দাবিতে গত ১১ অক্টোবর সাজেক পর্যটন সড়কে অবরোধ কর্মসূচি পালন করে সংগঠন দুটি। পরে প্রশাসন দাবিগুলো পূরণের আশ্বাস দিলে ৪৮ ঘণ্টার জন্য কর্মসূচি স্থগিত করেন অবরোধকারীরা। তবে নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় বৃহস্পতিবার থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেওয়া হয়।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, সকালে সড়কে কিছুসংখ্যক অবরোধকারীকে দেখা গেছে। অবরোধ চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সাজেক এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।