বিকল্প পথে দেশে ফিরলেন মক্কায় আটকে পড়া ঈশ্বরদীর ৫০ ওমরাহযাত্রী
ছবি-সংগৃহীত
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ | ২০:০৩
পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়ে আটকে পড়া পাবনার ঈশ্বরদীর ৫০ জন নারী-পুরুষ ও শিশুসহ দেশে ফিরেছেন। বিকল্প পথে কাতার হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
ওমরাহযাত্রীদের দলটির মোয়াল্লেম মোহাম্মদ রায়হান জানান, মঙ্গলবার তাঁদের দেশে ফেরার কথা ছিল। তবে সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তাঁদের ফেরা অনিশ্চিত হয়ে পড়ে। দুই দিন অপেক্ষার পর জনপ্রতি অতিরিক্ত ২০ হাজার টাকা ভাড়া দিয়ে কাতার এয়ারলাইনসের বিমানে বিকল্প পথে দেশে ফেরার ব্যবস্থা করা হয়।
মোহাম্মদ রায়হান বলেন, মঙ্গলবার পর্যন্ত সৌদি আরবে তাঁদের থাকার জন্য নির্ধারিত চুক্তির মেয়াদ ছিল। নির্ধারিত সময়ে দেশে ফিরতে না পারায় নতুন করে থাকার জায়গা খুঁজতে গিয়ে তাঁদের ভোগান্তিতে পড়তে হয়। নারী, শিশু ও পরিবারের সদস্যদের নিয়ে অনেকেই কষ্টে পড়েন। কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাঁদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করতে হয়।
ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়া গোপালপুর গ্রামের বাসিন্দা সাগর সরদার বলেন, তিনি মা, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ওমরাহ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন। ওমরাহ শেষে দেশে ফেরার প্রস্তুতির সময় বিমানবন্দরে হামলার ঘটনায় পরিস্থিতি পাল্টে যায়। পরে জনপ্রতি অতিরিক্ত ২০ হাজার টাকা দিয়ে দেশে ফেরার ব্যবস্থা করেন তাঁরা।
দেশে ফেরার পর ওমরাহযাত্রী জায়েদ আল-সামি মুঠোফোনে জানান, বৃহস্পতিবার সকাল ৭টায় সৌদি আরবের মদিনা বিমানবন্দর থেকে কাতার এয়ারলাইনসের একটি বিমানে তাঁরা যাত্রা শুরু করেন। বিকেল সাড়ে ৫টার দিকে বাংলাদেশে পৌঁছান।
ওমরাহযাত্রী রেজিয়া বেগম বলেন, সৌদি আরবে থাকতেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। দেশে ফেরার অনিশ্চয়তায় তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। দেশে ফিরতে পেরে স্বস্তি পাচ্ছেন তিনি। শরীর পুরোপুরি সুস্থ না হলেও পরিবারের কাছে ফিরতে পেরে ভালো লাগছে।
ঈশ্বরদীর সাঁড়া গোপালপুর বকশিরচকের শাহ্ পাড়ার বাসিন্দা ইসমাইল হোসেন শাহ্ বলেন, ৫০ জনের দলে ৭০ থেকে ৮০ বছর বয়সী কয়েকজন নারী-পুরুষ ছিলেন। তাঁদের মধ্যে কেউ কেউ অসুস্থ হয়ে পড়ায় দেশে থাকা স্বজনেরা উদ্বিগ্ন হয়ে পড়েন। শেষ পর্যন্ত সবাই দেশে ফিরতে পারায় স্বস্তি পেয়েছেন তাঁরা।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, সৌদি আরবে আটকে পড়া ওমরাহযাত্রীদের বিষয়ে পাবনা জেলা প্রশাসনের মাধ্যমে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁরা নিরাপদে দেশে ফিরেছেন।
এর আগে সৌদি আরবে আটকে পড়া ঈশ্বরদীর ৫০ ওমরাহযাত্রীকে নিয়ে বুধবার সমকালে ‘ওমরাহ পালনে সৌদিতে গিয়ে বিপাকে ঈশ্বরদীর ৫০ জন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর পাবনা জেলা প্রশাসনের পক্ষ থেকে সৌদি আরবের সংশ্লিষ্ট বিভাগে খোঁজ নেওয়া হয় বলে জেলা প্রশাসন নিশ্চিত করে।