ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ঢাকা জেলা পরিষদের উদ্যোগে ১০১৮ পূজামণ্ডপে অনুদান

ঢাকা জেলা পরিষদের উদ্যোগে ১০১৮ পূজামণ্ডপে অনুদান
×
×

ঢাকা জেলা পরিষদের উদ্যোগে পূজামণ্ডপে অনুদান দেওয়া হয়। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ | ২০:২৬ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬ | ২০:২৭

ঢাকা জেলা পরিষদের উদ্যোগে জেলা ও মহানগরীর এক হাজার ১৮টি পূজামণ্ডপে অর্থিক অনুদান দেওয়া হয়েছে। এর মধ্যে জেলার বিভিন্ন উপজেলার ৮৬৯টি ও ঢাকা মহানগরীর ১৪৯টি পূজামণ্ডপে সরাসরি কমিটির হাতে অর্থ পৌঁছে দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার জেলা পরিষদের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা জেলার পাঁচটি উপজেলার মধ্যে সাভারে ২৩৮টি, ধামরাইয়ে ২৩৫টি, নবাবগঞ্জে ২০১টি, কেরানীগঞ্জে ১৫৩টি এবং দোহারে ৪২টি পূজামণ্ডপ রয়েছে। এসব পূজামণ্ডপে অনুদান বিতরণের মাধ্যমে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে নগরসংলগ্ন এলাকাগুলোতেও দুর্গোৎসব উদ্যাপনে সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

এর মধ্যে নবাবগঞ্জ ও দোহার উপজেলার পূজামন্ডপগুলোর মধ্যে অনুদানের চেক বিতরণ কার্যক্রম নবাবগঞ্জ উপজেলা পরিষদে অনুষ্ঠিত হয়। ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক এবং ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মোরাদ। পর্যায়ক্রমে অন্যান্য স্থানের পূজামণ্ডপে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে সরাসরি চেক তুলে দেয় সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসন।

এ প্রসঙ্গে ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মোরাদ বলেন, উপজেলা পর্যায়ে নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে এবং ঢাকা মহানগর এলাকায় সংশ্লিষ্ট সংসদ সদস্য, তাদের প্রতিনিধি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এবং বিরোধী দলের সংসদ সদস্যগণের সুপারিশে সরাসরি পূজামণ্ডপ পরিচালনা কমিটির হাতে অনুদান পৌঁছে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার নির্বাচনী ইশতেহারে ধর্মীয় সম্প্রীতি রক্ষা, সব ধর্মের মানুষের নিরাপত্তা ও সমান অধিকার নিশ্চিত করা এবং নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা অক্ষুন্ন রাখার অঙ্গীকার করেছে। ঢাকা জেলা পরিষদের এ উদ্যোগকে সেই অঙ্গীকার বাস্তবায়নের ধারায় একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এসময়ে তিনি ঢাকা জেলা পরিষদ হিন্দু ধর্মাবলম্বী সবার জন্য শান্তিপূর্ণ, আনন্দময় ও নিরাপদ শারদীয় দুর্গোৎসব কামনা করেন।

আরও পড়ুন

×