গ্যাস বিলের সার্ভারে কারসাজির অভিযোগ, সিলেট যুব প্রশিক্ষণ কেন্দ্রে দুদকের অভিযান
ছবি-সমকাল
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ | ২০:৩২
গ্যাস বিলের পেমেন্ট সার্ভারে কারসাজি করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে সিলেট যুব প্রশিক্ষণ কেন্দ্রে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার বিকেলে দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে প্রাথমিকভাবে জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দুদক সূত্র জানায়, যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পেমেন্ট সার্ভারে কৌশলে তথ্য পরিবর্তনের অভিযোগ রয়েছে। এর মাধ্যমে গ্রাহকের পরিশোধ করা গ্যাস বিল সার্ভারে ‘অপরিশোধিত’ দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হতো বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ছাড়া প্রশিক্ষণ কেন্দ্রের হলরুম ও ভেন্যু ভাড়া এবং প্রশিক্ষণ কার্যক্রমের জন্য বরাদ্দ গ্যাস সিলিন্ডারের অর্থ লেনদেনেও ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে।
অভিযানকালে দুদকের দল প্রশিক্ষণ কেন্দ্রের গ্রাহক বা মিটার নম্বর ২৪০৯০০৩৯৫-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র তলব করে। একই সঙ্গে প্রশিক্ষণ কেন্দ্রের ভেন্যু ভাড়াসংক্রান্ত সব রেকর্ডপত্র সরবরাহ করতে এসিআই লিমিটেডের কাছে চিঠি দিয়েছে সংস্থাটি।
দুদকের অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, তলব করা নথি ও অন্যান্য দাপ্তরিক কাগজপত্র পাওয়ার পর সেগুলো যাচাই-বাছাই করে কমিশনে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হবে।
দুদক সিলেটের সহকারী পরিচালক সুবেল আহমদ জানান, জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।