ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

শিক্ষার্থীর হাতে নারী শিক্ষক লাঞ্ছিত হওয়ার অভিযোগ

শিক্ষার্থীর হাতে নারী শিক্ষক লাঞ্ছিত হওয়ার অভিযোগ
×
×

ছবি: সংগৃহীত

নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ | ২১:১১

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পচাসারুটিয়া মেহের আলী খান স্কুল অ্যান্ড কলেজের একজন সহকারী শিক্ষককে এক শিক্ষার্থী লাঞ্ছিত করেছে বলে অভিযোগ উঠেছে। গত বুধবারের এই ঘটনায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষক।

জানা গেছে, পচাসারুটিয়া মেহের আলী খান স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবনে অন্যান্য দিনের মতো গত বুধবার শ্রেণি কার্যক্রম চলছিল। যথারীতি দশম শ্রেণির বাংলা বিষয়ে পাঠদান করাতে যান একজন সহকারী শিক্ষক। পাঠদান চলাকালে অতিরিক্ত কথা বলতে থাকে এক শিক্ষার্থী। কথা বলতে নিষেধ করায় অশুভ আচরণের এক পর্যায়ে ওই শিক্ষকের গায়ে হাত তোলে ওই শিক্ষার্থী।

এ ঘটনার পর বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা এগিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। একজন নারী শিক্ষককে ক্লাসরুমে শিক্ষার্থীর লাঞ্ছিত করার মতো ন্যক্কারজনক ঘটনায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

বিদ্যালয় অ্যাডহক কমিটির অভিভাবক সদস্য রাগবীর হোসেন বলেন, ‘ঘটনা শোনার পর আমাদের প্রতিষ্ঠানের অধ্যক্ষর সঙ্গে কথা বলেছি। সভাপতির সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।’

ভুক্তভোগী শিক্ষক জানান, অতিরিক্ত কথা বলতে নিষেধ করায় তার গায়ে হাত তুলেছে দশম শ্রেণির এক শিক্ষার্থী। এ ব্যাপারে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

বিষয়টি মীমাংসা করতে বৃহস্পতিবার প্রতিষ্ঠানটিতে সালিশ বৈঠকে বসেন শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা। তবে মীমাংসা হয়নি। অভিযুক্ত শিক্ষার্থী বিদ্যালয়ে আসেনি। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য জানা সম্ভব হয়নি।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘দশম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধে একজন সহকারী শিক্ষক লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি সভাপতিকে জানানো হয়েছে। সবাই মিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×