ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

দুই মাস বন্ধ থাকার পর বড়পুকুরিয়া থেকে কয়লা উত্তোলন শুরু

দুই মাস বন্ধ থাকার পর বড়পুকুরিয়া থেকে কয়লা উত্তোলন শুরু
×
×

ছবি: সমকাল

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ | ১৬:৫৪

দুই মাস বন্ধ থাকার পর বড়পুকুরিয়া কয়লাখনি থেকে পুনরায় কয়লা উত্তোলন শুরু হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে প্রাথমিকভাবে খনি ভূগর্ভের নতুন ফেস থেকে কয়লা উত্তোলন কার্যক্রম শুরু হয়। শুক্রবার সকাল থেকে এ ফেইজে পুরোদমে কয়লা উত্তোলন কার্যক্রম শুরু হয়েছে।

ভূগর্ভের ১৩০৯ নম্বর পুরোনো কূপের কয়লা শেষ হয়ে যাওয়ায় গত ১২ আগস্ট থেকে খনিতে কয়লা উত্তোলন বন্ধ রাখা হয়। ওই ফেস থেকে সর্বমোট ৪ লাখ ১৫ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা সম্ভব হয় বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুই মাসব্যাপী পুরোনো কূপ থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি নতুন কূপে স্থানান্তর করাসহ সব ধরনের কারিগরি কার্যক্রম শেষে বৃহস্পতিবার রাতে নতুন ১৪০৫ নম্বর ফেস থেকে প্রাথমিকভাবে ২১৫ মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়। পরে শুক্রবার সকাল থেকে এ ফেইজে পুরোদমে কয়লা উত্তোলন কার্যক্রম শুরু হয়েছে। কয়লা উত্তোলন শুরু হওয়ায় খনিতে আবারও কর্মচাঞ্চল্য শুরু হয়েছে।

বড়পুকুরিয়া কয়লা খনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার ভোর থেকে প্রাথমিকভাবে খনি ভূগর্ভের নতুন ফেস (১৪০৫) থেকে কয়লা উত্তোলন কার্যক্রম শুরু করা হয়েছে।

তিনি জানান, নতুন কূপ থেকে প্রায় ২ লাখ ৮০ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খনির ইয়ার্ডে বর্তমানে প্রায় ৬ লাখ মেট্রিক টন কয়লা মজুত রয়েছে।

আরও পড়ুন

×