চট্টগ্রাম
আমদানি করা ১৯৭ রোল কাপড় গায়েব, গ্রেপ্তার ২
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ | ১৭:১৪
চট্টগ্রাম বন্দর থেকে নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে নেওয়ার পথে আমদানি করা কাপড় উধাও হয়ে যাওয়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে এসআরবি। বৃহস্পতিবার বিকেলে নগরের হালিশহর থানার বড়পোল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। গ্রেপ্তার দু’জন হলেন- মোহাম্মদ গোলাম রহমান মুন্না (৪৬) ও মোহাম্মদ আমানুল্লাহ (৬৩)। তাদেরকে হালিশহর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। উধাও হওয়া ১৯৭ রোল কাপড়ের মূল্য প্রায় ৮০ লাখ টাকা।
এসআরবি’র বিজ্ঞপ্তিতে বলা হয়, মাইশা এন্টারপ্রাইজ, শাহরিয়ার অ্যান্ড ব্রাদার্স লিমিটেড বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য পরিবহনের কাজ করে। গত ৮ অক্টোবর বিকেল পাঁচটার দিকে প্রতিষ্ঠানটির চালক মো. ইয়াসিন একটি মালবাহী গাড়িতে ১৯৭ রোল আমদানি করা কাপড় নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডের উদ্দেশে যাচ্ছিলেন। কাপড়গুলো ইপিক গার্মেন্টস কোম্পানি লিমিটেডের জন্য পাঠানো হচ্ছিল। পণ্যবাহী গাড়িটির অবস্থান জিপিআরএসের মাধ্যমে পর্যবেক্ষণ করছিল পরিবহনকারী প্রতিষ্ঠানটি। ওইদিন রাত ১১টার দিকে গাড়িটির অবস্থান যাত্রাবাড়ী এলাকায় ছিল। এরপর রাত ১১টা ৫০ মিনিটে গাড়িটি তেজগাঁও এলাকায় অবস্থান করে। নির্ধারিত গন্তব্যে না যাওয়ায় বিষয়টি সন্দেহের সৃষ্টি করে। এক পর্যায়ে চালককেও মোবাইলে পাওয়া যাচ্ছিল না।
খোঁজাখুঁজি করে গত ১২ অক্টোবর দুপুর আড়াইটার দিকে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার মাছিমপুর এলাকায় কামারপাড়া-স্টেশন রোডে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ফটকের পাশে গাড়িটির খোঁজ মিলে।
এ বিষয়ে মাইশা এন্টারপ্রাইজ, শাহরিয়ার অ্যান্ড ব্রাদার্স লিমিটেডের নির্বাহী কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন বাদী হয়ে ১৩ অক্টোবর টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, চালক ইয়াসিন অজ্ঞাত পরিচয় আরও চার-পাঁচজনের সঙ্গে যোগসাজশ করে কাপড়গুলো সরিয়ে অন্যত্র বিক্রি করেন।
এসআরবি-৭ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরের হালিশহরের বড়পোল এলাকায় অভিযান চালিয়ে আসামি মুন্না ও আমানুল্লাহকে গ্রেপ্তার করে।