একটি মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার
আরিফ শাহরিয়ার সৌমিক
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ | ১৮:০৪ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬ | ১৮:০৫
বিয়ের গায়ে হলুদের আনুষ্ঠানিকতা শেষ। বাড়িজুড়ে চলছিল উৎসব আর গানবাজনা। রাত পোহালেই বিয়ে। আলোকসজ্জায় ঝলমল করছে বাড়ির আঙিনা। কনের বাড়িতেও বর বরণের জন্য তৈরি করা হয়েছে সুসজ্জিত গেট। বাড়িজুড়ে আত্মীয়-স্বজনের ভিড়। বিয়ের আয়োজন আর নতুন জীবনের স্বপ্নে দুই পরিবারে বইছিল আনন্দের বন্যা। কিন্তু সেই আনন্দের আড়ালে যে এমন নির্মম পরিণতি অপেক্ষা করছিল, তা কেউ কল্পনা করতে পারেননি। হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে বিয়ের আগের রাতে বরের আকস্মিক মৃত্যুতে নিমিষেই শেষ হয়ে যায় সব আনন্দ। আলোকসজ্জার ঝলমলে বিয়ে বাড়িতে নেমে আসে বিষাদের অন্ধকার। শোক আর আহাজারি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বর আরিফ শাহরিয়ার সৌমিকের মৃত্যু হয়। তিনি গাইবান্ধা পৌর শহরের ডেভিড কোম্পানি পাড়ার বাসিন্দা সুলতান মিয়ার ছেলে। কনের বাড়ি সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নে। মেধাবী এই তরুণ নর্থসাউথ ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ে প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। আজ শুক্রবার বাদ জুম্মা তার দাফন সম্পন্ন হয়।
পরিবার সূত্রে জানা যায়, সৌমিক প্রায় এক মাস আগে ঢাকা থেকে গাইবান্ধায় আসেন। গত চারদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। এর মধ্যেই চলছিল বিয়ের প্রস্তুতি। কিন্তু গতকাল বৃহস্পতিবার সকালে তার শরীরের তাপমাত্রা হঠাৎ অস্বাভাবিক বেড়ে যায়। এতে উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। দ্রুত তাকে চিকিৎসার জন্য গাইবান্ধা জেলা সদর হাসপাতাল সংলগ্ন বেসরকারি প্রতিষ্ঠান মাইশা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়া হলেও দীর্ঘ সময় অপেক্ষার পর বেলা ১টার দিকে ডা. মনির হোসেন মুরাদ তাকে ব্যবস্থাপত্র দেন। একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে সৌমিক অসুস্থ বোধ করলে তাকে আবারও গাইবান্ধা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যে ভাইকে বিয়ের সাজে দেখার কথা ছিল, সেই ভাইকে কাফনের কাপড়ে মুড়িয়ে বিদায় দিতে হয়েছে বড় বোন শারমিন সুলতানাকে। আজ শুক্রবার দুপুরে শারমিন সুলতানা সমকালকে বলেন, ‘শরীরে জ্বর নিয়েই গায়ে হলুদের পর্ব শেষ হয়েছিল। পরিবারের সবাই ভেবেছিল, চিকিৎসা ও বিশ্রামে সুস্থ হয়ে উঠবে। পরদিন প্রিয় মানুষটিকে জীবনসঙ্গী করে নতুন জীবনের পথে পা বাড়াবে। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে সেই স্বপ্ন আর পূরণ হলো না।’
আক্ষেপ করে তিনি বলেন, ‘যে বাড়িতে বিয়ের সানাই বাজবার কথা ছিল, সেখানে এখন শোকের মাতম। যে তরুণ-তরুণীর জীবনে নতুন অধ্যায়ের সূচনা হওয়ার কথা ছিল, হঠাৎ করেই নিভে গেল সব। আর যে তরুণীকে ঘিরে ছিল নতুন সংসারের স্বপ্ন, তার জীবনটাও আধাঁরে ঢেকে গেল।’
বরের বড় বোন আরও বলেন, সৌমিক অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। সামনে ছিল তার উজ্জ্বল ভবিষ্যৎ। পড়াশোনা শেষ করে জীবনকে নতুনভাবে গড়ে তোলার পাশাপাশি এবার শুরু হওয়ার কথা ছিল দাম্পত্য জীবনের নতুন অধ্যায়। কিন্তু বিয়ের আগের দিনই সব স্বপ্ন যেন থমকে গেল। যে তরুণের হাতে বিয়ের পর নতুন সংসারের দায়িত্ব তুলে দেওয়ার কথা ছিল, সেই তরুণের কফিনবন্দি হওয়ার খবর মেনে নিতে পারছেন না কেউই।
পরিবারের কাছে সৌমিক ছিলেন শুধু একজন সন্তান বা ভাই নন, ছিলেন আশা-ভরসার প্রতীক। তার ভবিষ্যৎ ঘিরে ছিল নানা পরিকল্পনা। বিয়ের আয়োজনের মধ্য দিয়ে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়ার কথা ছিল। অথচ একটি অসুস্থতা, হাসপাতালমুখী ছোটাছুটি আর কয়েক ঘণ্টার ব্যবধানে সবকিছু শেষ হয়ে গেল।
- বিষয় :
- গাইবান্ধা