ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

রাজশাহী রেশম কারখানার সক্ষমতা বাড়িয়ে ঐতিহ্য ফেরানো হবে: ভূমিমন্ত্রী

রাজশাহী রেশম কারখানার সক্ষমতা বাড়িয়ে ঐতিহ্য ফেরানো হবে: ভূমিমন্ত্রী
×
×

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ | ১৮:১৫

রাজশাহী রেশম কারখানার সক্ষমতা বাড়িয়ে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে উৎপাদন বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় তুঁত চারা রোপণ ও রাজশাহী রেশম কারখানার পাওয়ার লুম চালুর কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

ভূমিমন্ত্রী বলেন, রাজশাহী সিল্কের সুনাম বিশ্বজুড়ে। অতীতে এটি ছিল রাজশাহীর অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কিন্তু ধীরে ধীরে কারখানাটি তার ঐতিহ্য হারিয়ে ফেলেছে। এই ঐতিহ্য ফিরিয়ে আনতে উৎপাদন সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

কারখানার কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে মিজানুর রহমান মিনু বলেন, আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে, যাতে কারখানাটি আবার আগের অবস্থায় ফিরে আসে। কারখানাকে কিংবা কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে কোনো লাভ নেই। এর পরিণতি সবাইকে ভোগ করতে হবে।

তিনি বলেন, ‘আমি আপনাদের ভাই। সব সময় আপনাদের পাশে রয়েছি এবং থাকব। কারখানাটির ঐতিহ্য ফিরিয়ে আনতে যত সহযোগিতা প্রয়োজন, তা করা হবে।’

পরে মন্ত্রী রেশম কারখানার পাওয়ার লুম চালু করেন এবং তুঁত চারা রোপণ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তৌফিক আল মাহমুদ, পরিচালক (অর্থ ও পরিকল্পনা) ড. এমএ মান্নান এবং রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার।

আরও পড়ুন

×