ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সাভারে তিন দিন ধরে নিখোঁজ ইতালি প্রবাসী

সাভারে তিন দিন ধরে নিখোঁজ ইতালি প্রবাসী
×
×

কাজী জাবের হোসেন (৩৪)

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ | ২১:১৩

ঢাকার সাভারে তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন ইতালি প্রবাসী কাজী জাবের হোসেন (৩৪)। গত বুধবার সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্য ও স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এ ঘটনায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তার বাবা বাচ্চু কাজী।

নিখোঁজ কাজী জাবের সাভার পৌরসভার সবুজবাগ এলাকার বাসিন্দা। তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ইতালিতে বসবাস করেন। গত ৫ অক্টোবর তিনি পরিবার নিয়ে দেশে আসেন।

জাবেরের বাবা বাচ্চু কাজী জানান, গত বুধবার বেলা ১১টার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন তার ছেলে। এরপর থেকে তার সঙ্গে পরিবারের সদস্যদের আর কোনো যোগাযোগ হয়নি। ওই দিন রাত ১১টার দিকে তার মোবাইল ফোনের ইমো নম্বরে একটি বার্তা পাঠান জাবের। বার্তায় লেখা ছিল, ‘আমি ভালো আছি, সকালে বাসায় ফিরব’। তবে এরপর আর কোনো যোগাযোগ করেননি তিনি। তার ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।

বাচ্চু কাজী বলেন, ছেলের নিখোঁজ হওয়ার পর তার বন্ধু ও আত্মীয়-স্বজনের কাছে খোঁজ নেওয়া হয়েছে। কিন্তু কেউ তার সন্ধান দিতে পারেননি। তাদের পরিবারের সঙ্গে কারও কোনো বিরোধ নেই। হঠাৎ করে ছেলে নিখোঁজ হওয়ায় তারা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। জাবের কোনো বিপদে পড়েছেন কি না, তা নিয়েও উদ্বেগের মধ্যে রয়েছেন পরিবারের সদস্যরা।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, ইতালি প্রবাসীর নিখোঁজের ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তাকে খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।

আরও পড়ুন

×