ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

কৌটাসদৃশ বস্তু বিস্ফোরণে যুবকের চার আঙুল বিচ্ছিন্ন

কৌটাসদৃশ বস্তু বিস্ফোরণে যুবকের চার আঙুল বিচ্ছিন্ন
×
×

ফাইল ছবি

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ০৪:২৬

গাজীপুরের শ্রীপুরে সড়কের পাশ থেকে কৌটাসদৃশ একটি বস্তু তুলে নাড়াচাড়ার সময় বিস্ফোরণে এক যুবকের হাতের চারটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়াবাড়ি এলাকায় রাজেন্দ্রপুর-কাপাসিয়া সড়কের পাশে এ ঘটনা ঘটে। আহত নুর মোহাম্মদ (৩০) পেশায় কাঠমিস্ত্রি। তাকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। 

স্থানীয়রা জানান, গতকাল সকালে সড়কের পাশের একটি স্থানে হলুদ রঙের কৌটাসদৃশ বস্তুটি দেখতে পেয়ে তুলে নেন নুর মোহাম্মদ। পরে পাশের একটি মনোহারী দোকানের সামনের বেঞ্চে বসে কয়েকজনকে বস্তুটি দেখান। একপর্যায়ে বস্তুটির এক প্রান্তে থাকা ধাতব আংটা খুলতে যান নুর মোহাম্মদ। তখনই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তার হাতের চারটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন ছুটে আসেন।

বস্তুটি কোথা থেকে এসেছে, স্থানীয় কেউ এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি। রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য মনিরা পারভীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দোকানের সামনে রক্ত পড়ে থাকতে দেখেন তিনি। সেখানে স্থানীয় লোকজনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। খবর পেয়ে পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। প্রাথমিকভাবে হাতবোমাসদৃশ একটি বস্তু বিস্ফোরিত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

×