ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

দুর্গা প্রতিমা সাজাতে চকলেট কয়েন

দুর্গা প্রতিমা সাজাতে চকলেট কয়েন
×
×

রাজশাহীর বাগমারার তাহেরপুরে গঙ্গামন্দিরে চকলেট দিয়ে সাজানো প্রতিমা। ছবি- সমকাল

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ০৮:০৭ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ | ১০:৩৭

| প্রিন্ট সংস্করণ

রাজশাহীর বাগমারার তাহেরপুরে গঙ্গামন্দির নামের একটি মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা সাজানো হয়েছে ১০ হাজার গোল্ডেন চকলেটের কয়েন দিয়ে। প্রতিমায় অভিনব এই সাজ দেখতে মন্দিরে আসছেন বিভিন্ন বয়সী দর্শনার্থীরা। চকলেটের কয়েন দিয়ে প্রতিমা সাজানোর উদ্যোগ এবারের দুর্গোৎসবে যোগ করেছে ভিন্নমাত্রা। 

মন্দিরসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দুর্গোৎসবকে ঘিরে প্রতিবছরই নতুনত্ব আনার চেষ্টা করা হয়। দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় পরিবেশ তৈরি করা এবং উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়াই তাদের উদ্দেশ্য। সেই ভাবনা থেকে এবার প্রতিমার সাজসজ্জায় চকলেটের কয়েন ব্যবহার করা হয়েছে। তাদের প্রত্যাশা, এই উদ্যোগ দর্শনার্থীদের ভালো লাগবে এবং উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তুলবে।

গতকাল শুক্রবার দুর্গাপূজার ষষ্ঠীতে মন্দিরে গিয়ে দেখা যায়, প্রতিমার সাজসজ্জায় চকলেটের কয়েন ব্যবহার করা হয়েছে। প্রচলিত সাজসজ্জার বাইরে এমন ব্যতিক্রমী উপস্থাপনা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে। মন্দিরের আয়োজনের সঙ্গে যুক্ত নবজাগরণ সংগঠনের সাধারণ সম্পাদক সুজিত কুমার হালদার বলেন, ‘প্রতিবছরই আমরা পূজার আয়োজনে নতুনত্ব আনার চেষ্টা করি। এবার ১০ হাজার চকলেটের কয়েন দিয়ে প্রতিমা সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে খরচ হয়েছে ৮০ হাজার টাকা।’

গঙ্গামন্দির কমিটির সাধারণ সম্পাদক বলেন, ‘এবার চকলেটের কয়েন দিয়ে সাজানোর বিষয়টি দর্শনার্থীদের কাছে নতুন আকর্ষণ তৈরি করেছে। পূজার আয়োজন সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আমরা কাজ করছি। দর্শনার্থীরা এসে প্রতিমা দেখে আনন্দ পাচ্ছেন–এটাই আমাদের সার্থকতা।’

মন্দিরে প্রতিমা দেখতে আসা অনুপ কুমার বলেন, ‘চকলেটের কয়েন দিয়ে প্রতিমা সাজানোর বিষয়টি আমার কাছে বেশ ব্যতিক্রমী মনে হয়েছে। সাজসজ্জা দেখতে খুব ভালো লাগছে। প্রতিবছরই পূজা দেখতে আসি, তবে এবারকার আয়োজনের মধ্যে আলাদা একটি আকর্ষণ রয়েছে।’

লতা রানী নামের অপর এক দর্শনার্থী বলেন, ‘পরিবার নিয়ে মন্দিরে এসেছি। প্রতিমার সাজসজ্জা সুন্দর হয়েছে। এমন নতুন আয়োজন দেখতে ভালো লাগে।’

আরও পড়ুন

×